বাখরাবাদের কার্যালয় ঘেরাও গ্রাহকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। এই সংকট সমাধানের দাবিতে গতকাল রোববার সকালে ফেনীতে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের কার্যালয় ঘেরাও করেছেন ক্ষুব্ধ গ্রাহকেরা। এ সময় তাঁরা কর্তৃপক্ষকে স্মারকলিপি দেন।
গ্রাহকদের অভিযোগ, গত বেশ কিছুদিন ধরে ফেনী শহরসহ জেলার বিভিন্ন অঞ্চলে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। পবিত্র রমজান মাসে এ সমস্যা আরও তীব্র হয়েছে।
বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সামছুল হক, একই ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আবুল কালাম ও পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামের অধিবাসী মোস্তাফিজুর রহমানসহ বেশ কয়েকজন সাংবাদিকদের কাছে গ্যাস-সংকটের কথা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, গ্যাসের চাপ নেই। এ কারণে রান্না করতে কষ্ট হয়। অথচ প্রতিদিন নতুন নতুন বৈধ-অবৈধ সংযোগ দেওয়া হচ্ছে। এ কারণে গ্যাস-সংকট আরও তীব্র হয়েছে।
বিক্ষোভ শেষে গ্রাহকেরা গ্যাস-সংকট সমাধানের দাবিতে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপকের কাছে স্মারকলিপি দেন।
বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবদুল কাদের বলেন, ফেনীতে বর্তমানে গ্যাসের চাহিদা ১০ মিলিয়ন ঘনফুট। কিন্তু পাওয়া যায় ৫ মিলিয়ন ঘনফুট। তা ছাড়া, পবিত্র রমজান মাস হওয়ায় বিকেলে বা সেহ্রির সময় সবাই একসঙ্গে চুলা ব্যবহার করেন। এতে সমস্যা দেখা দিচ্ছে। তা ছাড়া, পুরোনো সঞ্চালন লাইনের কারণেও সমস্যা হয়। তিনি জানান, সমস্যার সমাধানের চেষ্টা চলছে।