বাখরাবাদের পাঁচটি নতুন স্তরে ৫১৭ বিসিএফ গ্যাসের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় খাতের একমাত্র তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপে বাখরাবাদ গ্যাসক্ষেত্রের নতুন পাঁচটি স্তরে ৫১৭ বিলিয়ন ঘনফুট (বিসিএফ, আধা টিসিএফের বেশি) গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে খুব কম গভীরতার একটি স্তরে ৮৪ বিসিএফ এবং বেশি গভীরতার চারটি স্তরে ৪৩৩ বিসিএফ গ্যাসের অবস্থান চিহ্নিত করা হয়েছে।
শুরুতে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে চিহ্নিত এ ক্ষেত্রটির ১০টি স্তরে যে পরিমাণ গ্যাস আছে বলে হিসাব করা হয়েছিল, ত্রিমাত্রিক জরিপে তার চেয়ে ৪৯ বিসিএফ বেশি পাওয়া গেছে। আগের হিসাবে ক্ষেত্রটিতে মোট গ্যাস ছিল এক হাজার ৭২২ বিসিএফ। এর মধ্যে উত্তোলনযোগ্য এক হাজার ২৪০ বিসিএফ থেকে এখন পর্যন্ত তোলা হয়েছে ৭৫৫ বিসিএফ।
ত্রিমাত্রিক জরিপের ফলাফলে ওই ১০টি স্তরে গ্যাস পাওয়া গেছে এক হাজার ৭৭১ বিসিএফ। এর সঙ্গে নতুন পাঁচটি স্তরে পাওয়া ৫১৭ বিসিএফ যুক্ত হয়ে বাখরাবাদ আবারও ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) মজুতের একটি ক্ষেত্রে পরিণত হলো। এর ফলে ক্ষেত্রটিতে নতুন তিনটি কূপ খনন করে গ্যাস তোলা সম্ভব হবে।
গতকাল বুধবার সকালে পেট্রোবাংলার কার্যালয়ে বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ বিভাগের প্রকল্প পরিচালক মেহেরুল হাসান ত্রিমাত্রিক জরিপের ফলাফল উপস্থাপন করেন। তাঁরা রাষ্ট্রীয় মালিকানাধীন যে পাঁচটি গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক জরিপ চালিয়েছেন, বাখরাবাদ তার মধ্যে পঞ্চম। এর আগে অন্য চারটি ক্ষেত্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। ত্রিমাত্রিক জরিপে প্রতিটি ক্ষেত্রেই গ্যাসের বাড়তি মজুত চিহ্নিত হয়েছে।
সরকারি খাতের দুটি কোম্পানি ওই পাঁচটি গ্যাসক্ষেত্র পরিচালনা করছে। এর মধ্যে রশিদপুর, কৈলাশটিলা ও হরিপুর হচ্ছে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির আওতাধীন। আর তিতাস ও বাখরাবাদ বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির আওতাধীন। গতকালের উপস্থাপনায় পেট্রোবাংলা, বাপেক্স এবং ওই দুটি কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।
কুমিল্লার মুরাদনগরে অবস্থিত বাখরাবাদ ক্ষেত্রটি দেশের স্থলভাগের ২৩টির মধ্যে নয় নম্বর ব্লকভুক্ত। ক্ষেত্রটিতে এখন পর্যন্ত নয়টি কূপ খনন করা হয়েছে। তবে চালু আছে ছয়টি। অন্য তিনটি পরিত্যক্ত। চালু ছয়টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় চার কোটি ঘনফুট গ্যাস তোলা হচ্ছে।
জানতে চাইলে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাকী প্রথম আলোকে বলেন, ত্রিমাত্রিক জরিপেরে ফলে বাখরাবাদ ক্ষেত্রটির পুরো চিত্রই এখন স্পষ্ট। ক্ষেত্রটিতে অতি দ্রুত নতুন একটি কূপ খনন করে দুই কোটি ঘনফুট গ্যাস উত্তোলন বাড়ানো সম্ভব। বাখরাবাদের গ্যাস যেহেতু চট্টগ্রামে প্রবাহিত করা যায় সেহেতু কাজটি দ্রুতই করা উচিত।
দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ২৭০ কোটি ঘনফুট। সর্বোচ্চ উৎপাদন হচ্ছে ২৩০ কোটি। বর্তমান হিসাবে প্রতিবছর দেশে ৮০০ বিসিএফের মতো গ্যাস ব্যবহূত হচ্ছে।