বাখরাবাদের ৩৪ গ্রাহকের আবাসিক সংযোগ বিচ্ছিন্ন
বকেয়া বিল পরিশোধ না করায় কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ২৭ জন গ্রাহকের (আবাসিক) গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া সাতটি অবৈধ সংযোগ কেটে দেওয়া হয়। গত মঙ্গল ও সোমবার ওই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কোম্পানির মহাব্যবস্থাপক (বিপণন) মো. এহসানুল হক পাটওয়ারী স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে ওই তথ্য জানা গেছে। বাখরাবাদ গ্যাস কোম্পানি সূত্র জানায়, বাখরাবাদের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি দল গত সোমবার কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ও বকেয়া বিল আদায়ে নামে। ওই দিন আবাসিক গ্রাহকের ১৩৬টি গ্যাস সংযোগ পরিদর্শন করা হয়। এর মধ্যে বিল বকেয়া থাকায় ১৮টি ও অবৈধ পাঁচটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার আবাসিক গ্রাহকের ১৬০টি সংযোগ পরীক্ষা করা হয়। এদিন বিল বকেয়া থাকায় নয়টির ও অবৈধ দুটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কে এম সফিকুর রহমান বলেন, কোম্পানির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।