বাগদা ও গলদার রেণু আটক, ১৩ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগদা ও গলদার রেণু পাচারের দায়ে পটুয়াখালীতে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে আদালত তাঁদের এ দণ্ডাদেশ দেন।পটুয়াখালী সদর থানা সূত্রে জানা গেছে, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের কয়েকজন সদস্য রোববার রাত ১২টায় পটুয়াখালী সেতুর টোলঘর এলাকায় অবস্থায় নেন। রাত আনুমানিক সাড়ে ১২টায় বাগদা ও গলদার রেণুভর্তি একটি ট্রাক টোলঘরে আসে। এ সময় তাঁরা বাগদা ও গলদার রেণুসহ ১৩ জনকে আটক করেন। উদ্ধার হওয়া রেণুর আনুমানিক দাম ৪০ লাখ টাকা। ওই রাতেই পোনাগুলো লাউকাঠী নদীতে ছেড়ে দেওয়া হয়। রোববার রাতে পুলিশ আটক করা ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক আহসান উল্লাহ শরিফী পোনা পাচারের দায়ে তাঁদের কারাদণ্ডাদেশ দেন। তাঁদের মধ্যে জাহাঙ্গীর, কবির, নুর সাইদ, সাহাব আলী, সুলতান, মানিক গাজী, হাবিব মোল্লা, আমিনদ্দি, হাবিব মোল্লা ও আনোয়ার খানকে এক বছর করে, জামাল ও রাসেলকে তিন মাসের এবং সজিবকে এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া ও গলাচিপার বিভিন্ন এলাকায়।সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম জানান, সাগর ও নদনদী থেকে বাগদা ও গলদার রেণু আহরণ করা অবৈধ। এসব রেণু অন্যত্র পাচারের দায়ে ওই ১৩ জনকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।