বাগদা চিংড়ির রেণুসংকট, দুশ্চিন্তায় চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে মৌসুমের শুরুতেই বাগদা চিংড়ির রেণুর (পোনা) মারাত্মক সংকট দেখা দিয়েছে। চিংড়ি চাষিরা উচ্চমূল্য দিয়েও চাহিদা অনুযায়ী পোনা কিনতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন। ফলে এবার চিংড়ি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে বলে হ্যাচারি ও ঘেরের মালিকেরা আশঙ্কা করছেন। রামপাল উপজেলার বাঁশতলী গ্রামের পাভেল রহমান বলেন, ‘আমার দেড় শ বিঘার ঘেরে এখন ৫০ হাজার পোনা ছাড়া প্রয়োজন। কিন্তু এক সপ্তাহ ধরে স্থানীয় বাজারে দ্বিগুণ দাম দিয়েও একসঙ্গে ৫০ হাজার পোনা কিনতে পারিনি। ইতিমধ্যে আমি চিংড়ি উৎপাদনে অমাবস্যা ও পূর্ণিমার ছয়টি তিথি পিছিয়ে পড়েছি। ফলে এবার উৎপাদন কম হবে।’ একই ধরনের কথা জানান সদর উপজেলার গোবরদিয়া গ্রামের বাচ্চু শেখ, কচুয়ার ধোপাখালী গ্রামের সালাউদ্দিনসহ কয়েকজন। বাগেরহাটে চিংড়ি রেণু বিক্রির প্রধান কেন্দ্র রামপালের ফয়লা বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামান বলেন, ‘২৫ বছরের ব্যবসা জীবনে এ ধরনের সংকট কখনো দেখিনি।’ তিনি জানান, বৈরী আবহাওয়ায় সাগর থেকে মা-চিংড়ি আহরণ করতে না পারায় গত ২ মে থেকে ২০ মে পর্যন্ত হ্যাচারিগুলো কোনো পোনা উৎপাদন করতে পারেনি। অথচ ফয়লাহাটে প্রতিদিন গড়ে এক কোটি পোনার চাহিদা রয়েছে। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) নারায়ণ চন্দ্র মণ্ডল জানান, আগাম বৃষ্টির কারণে এবার মৌসুম শুরুর আগেই চাষিদের ঘেরগুলো মাছ ছাড়তে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাওয়ায় রেণুর চাহিদা আকস্মিকভাবে বেড়েছে। কিন্তু হ্যাচারির মালিকেরা এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না। তাই তাঁরা চাহিদা অনুযায়ী পোনা সরবরাহ করতে পারছেন না। আবার চাহিদা বেড়ে যাওয়ায় তাঁরা রেণুর দামও অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছেন। তবে এই পরিস্থিতি সাময়িক। এতে লক্ষ্যমাত্রা অর্জনে এর তেমন প্রভাব পড়বে না। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে হ্যাচারিতে উৎপাদিত বাগদা চিংড়ির রেণু (প্রতি হাজার) সাত থেকে আট শ টাকায় এবং নদীর পোনা এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ১৫ দিন আগেও এই দাম ছিল যথাক্রমে ৩০০ থেকে ৩৫০ এবং ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে। বাগেরহাট জেলা মৎস্য বিভাগের হিসাব অনুযায়ী, এ বছর জেলার নয়টি উপজেলায় ৩৯ হাজার ঘেরে বাগদা চিংড়ি চাষ হচ্ছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ২৭১ মেট্রিক টন।