বাগদার জিআই সনদ নিশ্চিত, ফজলি নিয়ে বিপত্তি
অবশেষে বাংলাদেশ বাগদা চিংড়ির ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেতে যাচ্ছে। অন্য কোনো দেশ ওই সনদের জন্য আপত্তি না করায় বাগদা চিংড়ির একক কর্তৃত্ব এখন শুধুই বাংলাদেশের। চলতি মাসের মধ্যে সনদও দেওয়া হবে। তবে রাজশাহীর ফজলি নিয়ে শুনানি হবে। ‘রাজশাহীর ফজলি আম’ হিসেবে গেজেট প্রকাশের পর আপত্তি এসেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। এখন এ নিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে শুনানি হবে।
পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার এ কে এম শওকত আলম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাগদা চিংড়ির জিআই সনদ পেতে আবেদন করেছিল বাংলাদেশ। গত সোমবার ছিল ওই আবেদনের শেষ দিন। ওই সময়ের মধ্যে অন্য কোনো দেশ ওই আবেদনে আপত্তি করেনি বা নতুন করে আবেদনও করেনি। এর ফলে বাগদা চিংড়ির একক স্বত্ব এখন শুধুই বাংলাদেশের। জিআই সনদপ্রাপ্তি এখন আনুষ্ঠানিকতামাত্র। আরও কিছু বিষয় যাচাই-বাছাই করে চলতি মাসের মধ্যেই সনদ দেওয়া হবে।
শওকত আলম মজুমদার বলেন, জিআই সনদ পাওয়ার ফলে সারা বিশ্বে বাগদা চিংড়ির একক ব্র্যান্ডিং তৈরি হবে। ফলে বিশ্ববাজারে এর চাহিদা ও দাম বাড়বে। আমদানিকারকেরা আস্থা পাবেন।
রপ্তানিকারকেরা বলছেন, জিআই সনদ পাওয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ে বাংলাদেশের বাগদা চিংড়ির বৈদেশিক ক্রেতার কাছে গ্রহণযোগ্যতা যেমন বাড়বে, তেমনি কমপক্ষে এর ৩০ শতাংশ মূল্য বাড়বে। ফলে এ খাত থেকে বৈদেশিক মুদ্রার আয়ও বাড়বে।
বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, আশির দশক থেকে দেশে বাণিজ্যিকভাবে বাগদা চিংড়ি উৎপাদন ও রপ্তানি হচ্ছে। কিন্তু জিআই সনদ না থাকায় ওই পণ্যের ওপর বাংলাদেশের একক অধিকার প্রতিষ্ঠা হয়নি। আন্তর্জাতিক ব্র্যান্ডিং না থাকায় বাংলাদেশ ও রপ্তানিকারকেরা কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা আয় থেকেও বঞ্চিত হয়েছে। ওই সুযোগে ভারত, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ আরও কয়েকটি দেশ আন্তর্জাতিক বাজার দখল করেছে। দিন দিন বৈদেশিক বাজারগুলো ছোট হয়ে আসছে। এ অবস্থায় বিশ্ববাজারের বাগদা চিংড়িকে বাংলাদেশের বিশেষায়িত পণ্য হিসেবে তুলে ধরতে জিআই সনদের জন্য ২০১৭ সালে মৎস্য অধিদপ্তর আবেদন করে।
নিয়ম অনুযায়ী সরকারের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস বিভাগ গেজেট ও আন্তর্জাতিক জার্নালে চলতি বছরের ৬ অক্টোবর বিষয়টি প্রকাশ করেছে। গেজেট প্রকাশের পর এ ক্ষেত্রে কেউ আপত্তি না করলে প্রথম আবেদনকারীর জিআই সনদ মিলবে। ৬ ডিসেম্বর ছিল ওই আপত্তি প্রদানের শেষ দিন।
বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি এস হুমায়ূন কবির বলেন, ‘জিআই সনদ না থাকায় আমরা এত দিন বাগদার ব্র্যান্ডিং করতে পারিনি। অন্য দেশগুলো সুবিধা নিয়েছে। কিন্তু এখন এই সেক্টরের ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে। দীর্ঘদিন ধরে এই সেক্টরের অনেক প্রতিষ্ঠান রুগ্ণ অবস্থায় পড়ে আছে। তাদের সক্রিয় করতে সরকারসহ সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে হবে। যেহেতু বাগদা বাংলাদেশের ব্র্যান্ড, তাই আমাদের পণ্য হতে হবে সর্বোচ্চ মানসম্মত প্রথম শ্রেণির। এখানে দ্বিতীয়-তৃতীয় শ্রেণির চিংড়ি রপ্তানির সুযোগ নেই।’
কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়া ও সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধন পায় জামদানি। এরপর একে একে ঢাকাই মসলিন, রাজশাহীর সিল্ক, রংপুরের শতরঞ্জি, নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুরের কাটারিভোগ, বাংলাদেশি কালিজিরা, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম, ইলিশ জিআই সনদ পায়।
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ অক্টোবর শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক তাদের জিআইর ১০ নম্বর জার্নালে (নিবন্ধন ও সুরক্ষা) আইন ২০১৩ সালের ধারা ১২ অনুসারে ফজলি আমকে রাজশাহীর ফজলি হিসেবে প্রকাশ করেছে। এরপর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দুটি চিঠি এই দপ্তরে পাঠানো হয়। চিঠিতে তারা ফজলি আমকে চাঁপাইনবাবগঞ্জের দাবি করেছে। কিন্তু চিঠি দুটি বিধি মোতাবেক না হওয়ায় পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক বিভাগ থেকে তা ফেরত পাঠানো হয় এবং নির্ধারিত ফি দিয়ে বিধি মেনে আবেদন করার জন্য বলা হয়। এরপর গত ৫ ডিসেম্বর তারা যথাযথ বিধি মেনে আপত্তি দিয়ে আবেদন করে।
জিআই এক্সামিনার নিহার রঞ্জন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, গেজেট প্রকাশের দুই মাসের মধ্যে কেউ আপত্তি দিলে তা বিবেচনায় নিয়ে শুনানি করতে হয়। চাঁপাইনবাবগঞ্জের প্রথম আবেদন দুটি বিধি মোতাবেক ছিল না। এ জন্য আইনি পরামর্শ দিয়ে তা ফেরত পাঠানো হয়েছিল। পুনরায় তারা আবেদন করেছে। এর পরিপ্রেক্ষিতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে শুনানি অনুষ্ঠিত হবে। তারপর নির্ধারিত হবে ফজলি কার হবে।