বাগদার রেণু ধরতে গিয়ে নির্বিচারে পোনা নিধন
মশারির জাল দিয়ে বাগদা চিংড়ির রেণু ধরতে গিয়ে বরগুনাসহ দেশের দক্ষিণ উপকূলীয় এলাকায় প্রতিদিন নির্বিচারে বিভিন্ন প্রজাতির কয়েক লাখ মাছের পোনা নিধন করা হচ্ছে। এতে বঙ্গোপসাগর ও উপকূলের নদ-নদী থেকে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ’৯১ থেকে ’৯৭ সাল পর্যন্ত ‘সার্ভে অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অব শ্রিম্প ফ্রাই রিসোর্স অব বাংলাদেশ’ শিরোনামে একটি প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকার নদ-নদীতে একটি জরিপ পরিচালনা করে। জরিপের ফলাফলে উল্লেখ করা হয়েছে, পোনা সংগ্রহকারীরা একটি বাগদার রেণু ধরতে গিয়ে ৩৮ প্রজাতির চিংড়ি ছাড়াও ছয় প্রজাতির অন্যান্য মাছ, ৫৬ প্রজাতির জুপ্লাঙ্কটন ও ১০০ প্রজাতির জলজ প্রাণী ধ্বংস করে।জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালের সেপ্টেম্বরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপকূলীয় এলাকার নদ-নদী থেকে সব ধরনের পোনা আহরণ নিষিদ্ধ করা হয়।বরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীর তীরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অসংখ্য নারী ও শিশু মশারির জাল দিয়ে চিংড়ির রেণু ধরছে। একটি জালে প্রতিবার সাত-আটটি চিংড়ির রেণুর সঙ্গে টেংরা, পোয়া, তপসিসহ কয়েক প্রজাতির অসংখ্য মাছের পোনা উঠে আসছে। চিংড়ির রেণু আলাদা করে মাটি ও অন্যান্য পাত্রের পানিতে জিইয়ে রাখলেও ডাঙায় ফেলে দেওয়ার অন্যান্য প্রজাতির মাছের পোনা নির্বিচারে মারা যাচ্ছে।জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে ১৪৭টি চিংড়ি হ্যাচারি রয়েছে। এসব হ্যাচারিতে প্রতিবছর এক হাজার কোটি রেণু উৎপাদন হচ্ছে। অথচ দেশে তিন থেকে সাড়ে তিন হাজার কোটি চিংড়ির রেণুর চাহিদা আছে। হ্যাচারির সংখ্যা বৃদ্ধি করে এই ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া গেলে প্রাকৃতিক উৎসের ওপর চাপ কমানো সম্ভব।জেলা মৎস্য কর্মকর্তা নূরুল ইসলাম জানান, পোনা নিধন বন্ধের জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। কিন্তু এ জন্য প্রশাসনের ওপর নির্ভর করতে হয়। এ জন্য সরকারকে উপকূলীয় জেলাগুলোতে আলাদা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, ‘চিংড়ির রেণু ধরতে গিয়ে এভাবে পোনা নিধনের ফলে আমাদের সামুদ্রিক মৎস্য ভান্ডারের ওপর ইতিমধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। বিষয়টি রোধকল্পে জনসচেতনতার পাশাপাশি কৃত্রিম উপায়ে (হ্যাচারি পদ্ধতি) চিংড়ির রেণু উৎপাদনকে উৎসাহিত করা দরকার।’