বাগদায় মড়ক, দামও কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা ও রামপাল উপজেলার ঘেরগুলোতে দুই মাস ধরে ব্যাপক হারে বাগদা চিংড়ি মারা যাচ্ছে। তার ওপর এবার রপ্তানি বাজারে বাগদার দাম অনেক কম। এ অবস্থায় বড় ধরনের লোকসানের সম্মুখীন দুই উপজেলার চিংড়িচাষিরা।
লোনাপানি-অধ্যুষিত মংলা ও রামপাল উপজেলায় তিন যুগ আগে থেকে ধানের পরিবর্তে বছরের প্রায় আট মাসই বাগদা চাষ হয়ে আসছে। মংলার ১২ হাজার ৫০০ হেক্টর কৃষিজমির মধ্যে ১০ হাজার ৮৫৮ হেক্টর জমিতে বাগদা চাষ হয়। তাতে ছোট-বড় মিলিয়ে ঘেরের সংখ্যা সাড়ে পাঁচ হাজার। রামপালে বাগদা চাষ হয় ১৪ হাজার ৮৮১ হেক্টর জমিতে। এখানে ঘেরের সংখ্যা ৪ হাজার ৮৬৫টি।
মংলা উপজেলার চিলা, আন্ধারিয়া, বুড়বুড়িয়া ও জয়খা গ্রামের কয়েকজন ঘের ব্যবসায়ী জানান, ফেব্রুয়ারিতে ঘেরে পোনা মাছ ছাড়ার পর এপ্রিল থেকে বিরতিহীনভাবে মাছ মরছে। অধিকাংশ ঘেরে ‘হোয়াইট স্পট’ ভাইরাসের আক্রমণে মাছ মরে ভেসে উঠছে। ঘেরের ভেড়ির পাশে লালচে আকার ধারণ করে পড়ে থাকছে মরা মাছ। অল্প কিছু মাছ জীবিত পাওয়া যাচ্ছে তারও অধিকাংশ দুর্বল। এগুলো নড়াচড়া করতে না পেরে মাটির সঙ্গে মিশে থাকে। অমাবস্যার গোনে (সময়) প্রচুর পরিমাণে মাছ পাওয়ার কথা থাকলেও অধিকাংশ ঘেরই এখন মাছশূন্য।
রামপালের পেড়িখালী গ্রামের ঘের ব্যবসায়ী বাবলু ইজারদার জানান, তিনি এবার ৬০ বিঘা জমিতে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে বাগদা চাষ করেছেন। মৌসুমের মাঝামাঝি সময়েই মাছ বিক্রি করে বিনিয়োগের অধিকাংশ টাকা উঠে আসার কথা। কিন্তু মড়কের কারণে মাছ মরে যাওয়ায় এখন পর্যন্ত এক লাখ টাকার বেশি পাননি। তিনি বলেন, কোম্পানিগুলোও গতবার প্রতি কেজি মাছ ৭৫০ থেকে ৮০০ টাকায় কিনেছিল। এবার সেই আকৃতির মাছ মাত্র ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তাঁরমতো সব চাষির অবস্থাই খুব খারাপ।
মংলা ও রামপাল উপজেলার প্রায় ২০ জন চিংড়িচাষির সঙ্গে কথা হয়। তাঁদের অভিযোগ, সরকার চিংড়ি রপ্তানি করে শত শত কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করলেও চিংড়ি উৎপাদনকারীদের সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয় না। উপজেলা মৎস্য কার্যালয়ও চাষিদের সচেতনতা বাড়াতে কোনো পদক্ষেপ নেয়নি। মাছ মরে গেলে চাষিদের কী করণীয়, সে বিষয়েও তাদের কাছ থেকে কোনো দিকনির্দেশনা পাওয়া যায়নি।
মড়কের কারণে মংলার চিংড়ি উৎপাদন গতবারের তুলনায় প্রায় অর্ধেক কমে গেছে বলে জানিয়েছেন চাষি ও ডিপো মালিকেরা। এসব বিষয়ে জানতে চাইলে মংলা উপজেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও রামপাল উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, মড়কসহ বিভিন্ন কারণে বাগদা চিংড়ি মারা যায়। হ্যাচারি থেকে চাষিরা যে পোনা সংগ্রহ করেন, তাতে জীবাণু থাকতে পারে। ঘেরগুলোতে কমপক্ষে তিন ফুট পানি থাকার কথা। কিন্তু অধিকাংশ ঘেরেই সেই পরিমাণ পানি নেই। জমির ব্যাকটেরিয়া মারার জন্য যে পরিমাণ চুন ব্যবহার করা দরকার তাও তাঁরা ঠিকমতো করেন না। এ ছাড়া নিয়মিত ফরমুলেটেড খাদ্য সরবরাহ না করা, পানি পরিবর্তন ও বায়ু সঞ্চালনের ব্যবস্থা না করায়ও মাছ মারা যাচ্ছে।
চাষিদের সচেতন করার বিষয়ে এই দুই মৎস্য কর্মকর্তার দাবি, চিংড়ি চাষিদের জন্য প্রশিক্ষণ ও সেমিনারের ব্যবস্থা করা হয়েছে। কোনো এলাকায় মড়ক লাগার খবর পেলে তাঁরা সঙ্গে সঙ্গেই সেখানে গিয়ে ব্যবস্থা নেন। কিন্তু লোকবল সংকটের কারণে সেবা দিতে সমস্যা হয়।
চিংড়ির দাম কমে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও খুলনা অঞ্চলের প্রধান শেখ আবদুল বাকী। তিনি গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ইউরোর দাম পড়ে যাওয়ায় এবং ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক মন্দার কারণে বাগদার দাম ৪০ শতাংশ কমে গেছে। এ ছাড়া ভারত, থাইল্যান্ড, ভিয়েতনামসহ বেশ কিছু দেশ ভেনামি নামের নতুন প্রজাতির চিংড়ি ব্যাপকভাবে রপ্তানি করছে। বাগদার তুলনায় সেগুলোর দাম কম।