ঢাকা থেকে গ্রেপ্তার রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ওরফে সুজনকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে বিএনপির সাবেক সাংসদ আবু হেনাকে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
গত রোববার আওয়ামী লীগের উপজেলা কমিটির সভায় কামরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। পরে এ-সংক্রান্ত সিদ্ধান্ত সুপারিশ আকারে জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।
গত শনিবার রমনা থানায় আবু হেনার করা মামলার ভিত্তিতে সেদিনই বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেল থেকে কামরুল হাসানকে পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। রোববার মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই শফিকুল ইসলাম কামরুলকে জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড চাইলে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দলীয় সূত্র জানায়, বাগমারা আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ আবু হেনাকে আওয়ামী লীগ থেকে মনোনয়নের ব্যবস্থা করে দেবেন বলে কামরুল ৩০ লাখ টাকা দাবি করেন। প্রধানমন্ত্রীর দপ্তরে ওই টাকা দিতে হবে বলে তিনি সাবেক এই সাংসদকে জানান। এই বিষয়ে কথা বলার জন্য আওয়ামী লীগের ওই নেতাকে গত শনিবার রাজধানীর একটি হোটেলে আসতে বলেন তিনি। আসার পর তাঁর কথাবার্তায় সন্দেহ হলে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোঁজখবর নেন। এরপর পুলিশকে খবর দিলে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভায় তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
আওয়ামী লীগের বাগমারা উপজেলা সহসভাপতি মতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে কামরুল হাসানকে বহিষ্কারের সুপারিশ লিখিত আকারে দলের জেলা কমিটিতে পাঠানো হয়েছে।