বাগমারা আওয়ামী লীগে বহিষ্কার বহিষ্কার খেলা
বহিষ্কার পাল্টা বহিষ্কার নিয়ে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগে অস্থিরতা দেখা দিয়েছে। কার্যকরী কমিটির সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন দফায় ১৬ জন বহিষ্কারের শিকার হয়েছেন। উভয় পক্ষ এই বহিষ্কারকে অগণতান্ত্রিক বলে দাবি করেছে। জানা গেছে, ২০০৮ সালের ১৯ ডিসেম্বর সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাহারুল হক, আইনবিষয়ক সম্পাদক আবদুর রহিম, দপ্তর সম্পাদক আবদুল জব্বার, তথ্য ও গবেষণা সম্পাদক মতিউর রহমান, সদস্য আবদুস সামাদ, আবদুর রশিদ সরদার ও একরামুল হককে বহিষ্কার করা হয়। ২০০৯ সালের ১২ জানুয়ারি সভাপতি আবদুস সোবহান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও কমিটির অন্যরা তা মেনে নেননি।এ দিকে গত উপজেলা পরিষদ নির্বাচনের পর আরেক দফা বহিষ্কার করা হয়। ২০০৯ সালের ৬ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান চৌধুরী, সহসভাপতি বীরেন্দ্রনাথ সরকার, সদস্য অনিল কুমার সরকার ও সফিকুল ইসলামকে বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম একটি বিজ্ঞপ্তি দেন। ওই সময় কার্যকরী কমিটির ছয়জন জ্যেষ্ঠ সহসভাপতিকে ডিঙিয়ে সাত নম্বর সহসভাপতি মকবুল হোসেন মৃধাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে প্রচার করে সাধারণ সম্পাদকের পক্ষ। সেই থেকে তাঁকে দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে পক্ষটি। আবদুস সোবহান চৌধুরী জানান, তাঁদের বহিষ্কারের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি। তাঁরা (সাধারণ সম্পাদক পক্ষ) বহিষ্কারের কোনো এখতিয়ার রাখেন না। এটা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ব্যাপার। তিনিই সভাপতি আছেন বলে দাবি করেন।গত ৩ নভেম্বর উপজেলার বিনোদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের একাংশের সভায় সহসভাপতি মকবুল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, সদস্য মতিউর রহমান ও মালেক মেহমুদকে বহিষ্কার করা হয়। আবদুস সোবহান চৌধুরীর পক্ষ তাঁদের বহিষ্কার করে বিজ্ঞপ্তি দেয়। কার্যকরী কমিটির সভায় তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে দাবি করা হয়। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী ৬৭ সদস্যবিশিষ্ট কমিটির ১৬ জনকেই বহিষ্কার করা হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জানান, যাঁরা তাঁদের বহিষ্কার করেছেন, তাঁদের আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের বহিষ্কারের এখতিয়ার সোবহান চৌধুরী পক্ষের নেই। তিনি একে অবৈধ বলে দাবি করেছেন।রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম মোহাম্মাদ ফারুক প্রথম আলোকে জানান, আবদুস সোবহান চৌধুরী নির্বাচিত সভাপতি। তাঁকেসহ অন্যদের বহিষ্কারের এখতিয়ার তাঁদের (সাধারণ সম্পাদক পক্ষ) নেই। তাঁরা সুপারিশ করে জেলায় পাঠাবেন। তার পর জেলা কমিটি কেন্দ্রে পাঠাবে। তিনি আরও বলেন, ‘পরে যাঁদের বহিষ্কার করা হয়েছে, সেটাও সাংবিধানিক হয়নি। তবে কোনো পক্ষই জেলা কমিটির কাছে সুপারিশ পাঠায়নি।’