বাগমারা ও শিবগঞ্জে দুজন গৃহবধূ খুন
রাজশাহীর বাগমারায় পারিবারিক বিরোধের জের ধরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর নাম মনোয়ারা খাতুন (৩০)। একই কায়দায় বগুড়ার শিবগঞ্জে মিনা আকতার (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের গোলাম রহমানের সঙ্গে গত বৃহস্পতিবার স্ত্রী মনোয়ারার ঝগড়া হয়। একপর্যায়ে গোলাম রহমান স্ত্রীকে মারধর ও শ্বাসরোধে হত্যা করেন।মনোয়ারার স্বজনেরা জানান, বিষয়টি নিয়ে গোলাম রহমানের সঙ্গে মনোয়ারার দুই ভাই চান্দু ও ইয়াদের সমঝোতা হয়। কিন্তু স্থানীয় লোকজন থানায় জানালে পুলিশ লাশ দাফন না করার জন্য বলে। ঘটনার পর থেকে গোলাম রহমান ও তাঁর পরিবারের লোকজন পলাতক। এ ব্যাপারে চান্দু ও ইয়াদ আলী কথা বলতে চাননি।বগুড়ার শিবগঞ্জে নিহত মিনা আকতারের চাচা সালাউদ্দিন হাজি অভিযোগ করেন, স্বামী জিয়াউর রহমান শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বর্তমানে জিয়াউর রহমানের পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।শিবগঞ্জ থানার ওসি আবু মোকাদ্দেম আলী জানান, মিনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে লাশ দেখে মনে হচ্ছে। মামলার পর আসামি ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।