রাজশাহীর বাগমারা উপজেলায় স্কুলছাত্রী খাদিজা আক্তারকে (১৪) মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টার ঘটনায় অবশেষে গতকাল শনিবার মামলা নিয়েছে পুলিশ।
গতকাল প্রথম আলোয় বিশাল বাংলায় ‘স্কুলছাত্রীকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর পুলিশ এ মামলা নিয়েছে বলে জানিয়েছেন ওই ছাত্রীর পরিবারের সদস্যরা।
খাদিজার চাচা মজনুর রহমান বলেন, তিনি বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে দুই বখাটে ইসমাইলপুর গ্রামের তোফায়েল আহম্মেদ (২০) এবং একডালা গ্রামের নয়ন হোসেনকে (২১) আসামি করে একটি এজাহার দায়ের করেন। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাহারটি মামলা হিসেবে তালিকাভুক্ত করছিলেন না। গতকাল প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর পুলিশ তৎপর হয়। মামলা গ্রহণ করা হবে বলে তাঁদের জানায়। এ ছাড়া তাঁদের বাড়িতে গিয়ে খোঁজখবরও নেয় পুলিশ।
ওই স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী খাদিজা গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল তাকে অনুসরণ করতে থাকে। সকাল সাড়ে আটটার দিকে বাগমারা গ্রামের মাহাতাবের বাড়ির কাছে পৌঁছালে মোটরসাইকেলটি একা পেয়ে তাকে চাপা দেওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলে থাকা এক বখাটে ওড়না ধরে টান দিয়ে ও লাথি মেরে তাকে রাস্তায় ফেলে দেয়। তখন তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুই বখাটে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মামলা নেওয়ার সত্যতা নিশ্চিত করে বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল গনি গতকাল প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।