রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল মালেক মণ্ডল ইশতেহার প্রকাশ করে ভোটারদের কাছে ভোট চাইছেন। এদিকে বিএনপির মেয়র প্রার্থী আবদুর রাজ্জাক মৌখিক অঙ্গীকারের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। তবে নির্বাচনের আগে ইশতেহার হাতে পেতে চান অধিকাংশ ভোটার।
ভবানীগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী আবদুল মালেক মণ্ডল প্রতীক বরাদ্দ পাওয়ার পরেই ইশতেহার প্রকাশ করেছেন। নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে পৌরসভার জন্য কী কী উন্নয়ন করবেন, তা ইশতেহারেই তিনি উল্লেখ করেছেন। ১৫ দফার এই ইশতেহারে পৌরসভার গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে সেগুলোর দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি।
আবদুল মালেক বলেন, ‘মুখের কথা লিখিত ইশতেহারের মাধ্যমে আমি অঙ্গীকার ও উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছি এবং তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। নির্বাচিত হলে সবগুলোর বাস্তবায়নের চেষ্টা করব।’
তবে এ ক্ষেত্রে পিছিয়ে পড়েছেন পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপির পৌরসভা শাখার সভাপতি আবদুর রাজ্জাক। তিনি কোনো ইশতেহার প্রকাশ করেননি। এই বিষয়ে তাঁর কোনো উদ্যোগও নেই বলে জানিয়েছেন। তবে প্রচারণার সময় উন্নয়নের অঙ্গীকার দিচ্ছেন তিনি।
মেয়র আবদুর রাজ্জাক দাবি করেন, তিনি নির্বাচিত হলে পৌরসভার গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করবেন। আধুনিক পৌরসভা গড়তে যা যা করার দরকার, তিনি তাই করবেন।
এ ব্যাপারে পৌরসভার ভোটার রামকৃষ্ণপুর গ্রামের কলেজশিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ‘প্রার্থীদের লিখিত ইশতেহার থাকা দরকার। তাঁরা নির্বাচিত হলে কী কী করতে চান, তা আমাদের (ভোটারদের) ইশতেহারের মাধ্যমে জানানো দরকার।’