বাগমারায় এক ব্যক্তির মৃত্যু পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় ঝিকড়া ইউনিয়নের ঝাড়গ্রাম আদর্শ গ্রামে মোবারক হোসেন (৪৩) নামের এব ব্যক্তি মারা গেছেন। তাঁকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা সন্দেহ করছেন।
মোবারক হোসেন বিএনপি-দলীয় চেয়ারম্যান প্রার্থীর প্রচারকর্মী ছিলেন। তা ছাড়া তাঁর স্ত্রী নাজমা বেগমও বিএনপির স্থানীয় নেত্রী।
নাজমা বেগম বলেন, গত শনিবার রাতে তাঁরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তবে গভীর রাতে মুঠোফোনে একটি ফোন পেয়ে তাঁর স্বামী ঘর থেকে বেরিয়ে যান। এরপর তিনি আবারও ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে জেগে তখনো স্বামীকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বামীকে ফোন দেন তিনি। বাড়ির ফটকের সামনে ফোনটি বাজছে বুঝতে পেয়ে ঘরে থেকে বেরিয়ে আসেন। তিনি ফটকের বাইরে স্বামীর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গতকাল রোববার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মোবারক হোসেনের স্ত্রী নাজমা বেগম জাতীয়তাবাদী মহিলা দলের ঝিকড়া ইউনিয়ন শাখার সহসভানেত্রী।
ঝিকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এবার বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী সাইদুজ্জামান বলেন, মোবারক হোসেন তাঁর নির্বাচনী কর্মী ছিলেন। তাঁর এভাবে মৃত্যু হওয়াটা রহস্যজনক।
বাগমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, খাবারের বিষক্রিয়া থেকে মোবারক হোসেনের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর শরীরে কোনো জখমের চিহ্ন নেই।