বাগমারায় খালে প্রতিবন্ধকতা বিপাকে পাঁচ বিলের কৃষক
রাজশাহীর বাগমারা উপজেলায় প্রভাবশালী ব্যক্তিরা খালের মুখ বন্ধ করে দেওয়ায় পাঁচটি বিলে পানি ঢুকতে পারছে না। এ কারণে ওই এলাকার কৃষক ও মাছচাষিরা বিপাকে পড়েছেন। ক্ষতিগ্রস্ত বিলের ইজারাদার ও কৃষকেরা ওই প্রতিবন্ধকতা অপসারণের দাবি জানিয়ে গতকাল বুধবার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নরদাশ ইউনিয়নের হাতিয়ার বিল, কোলার বিল, কোচ্যা বিল, হড়ম বিল ও বোয়ালিয়ার বিলে নদীর পানি প্রবেশ এবং বের হওয়ার একটি খাল আছে। ওই খালের হাটমাধনগর এলাকায় একটি কালভার্ট রয়েছে। কিন্তু স্থানীয় প্রভাবশালী আনিছার, দেলোয়ার হোসেন, আয়েন উদ্দিন, বাবু, জোনাব আলী ও সেকেন্দার আলী ৮ আগস্ট ওই কালভার্টের নিচে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। ফলে বিলগুলোয় পানি প্রবেশ করতে পারছে না। এ কারণে বিলে মাছ চাষ করা ও ফসলের খেতে পানি দেওয়া যাচ্ছে না।
আনিছার রহমান, দেলোয়ার হোসেন, আয়েন উদ্দিনসহ অন্যরা অভিযোগ অস্বীকার করে জানান, এলাকার লোকজনের সঙ্গে আলাপ করেই কালভার্টের মুখ বন্ধ করা হয়েছে, কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয়।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, কালভার্টের দুই প্রান্তে লোহার গ্রিল লাগিয়ে ও তাতে পলিথিন মুড়িয়ে খালে পানির প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগকারী স্থানীয় নরদাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাফ্ফর হোসেন জানান, কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় বিলগুলোয় আর পানি প্রবেশ করতে পারছে না। এ কারণে পানির অভাবে কৃষকেরা পাট জাগ দিতে পারছেন না। আউশ খেতে সেচ দিতেও সমস্যা হচ্ছে।
মৎস্যচাষি রফিকুল ইসলাম জানান, তিনি আট বছর ধরে হাতিয়া বিলের কৃষকদের শুষ্ক মৌসুমে বিনা খরচে খেতে সেচ দেওয়ার শর্তে বর্ষায় সেখানে মাছ চাষ করছেন। এ জন্য তাঁদের সঙ্গে চুক্তিও রয়েছে। বিলে পানি ঢোকার মুখ বন্ধ করে দেওয়ায় এবার পানির অভাবে মাছ চাষ করা যাচ্ছে না। এতে তিনি ক্ষতিগ্রস্ত হবেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট একজন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করানো হবে। উপজেলা কৃষি কর্মকর্তা শামস ই তাবরিজ ও সহকারী মৎস্য কর্মকর্তা আনোয়ার আলী জানান, তাঁরা এ ধরনের কোনো অভিযোগ পাননি ও ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। তবে বিষয়টি খতিয়ে দেখবেন।