বাগমারায় ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়ন শাখায় পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এই পাল্টাপাল্টি কমিটি গঠন করেন।
সংগঠন সূত্রে জানা গেছে, গত সোমবার ছাত্রলীগের সোনাডাঙ্গা ইউনিয়ন কমিটি গঠনের জন্য স্থানীয় স্কুল মাঠে এক সভা হয়। পদ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে কোনো সমাধান ছাড়াই সভা শেষ করে উপজেলার নেতারা ফিরে আসেন। ওই দিনই দেলোয়ার হোসেনকে সভাপতি ও মামুনুর রশিদকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেন ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক। এদিকে ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি গত মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সঞ্চৃতি জাদুঘর কমপ্লেক্সে এক সভা ডেকে এমরান হোসেনকে সভাপতি ও রাশেদ মণ্ডলকে সাধারণ সম্পাদক মনোনীত করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেন।
ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি আবদুল মালেক তাঁর গঠিত কমিটিকে বৈধ দাবি করে বলেন, সাধারণ সম্পাদক যে কমিটি দিয়েছেন তাঁর সভাপতি একজন বিবাহিত যুবক। ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল হক জানান, সবার মতামতের পরিপ্রেক্ষিতে তিনি কমিটি গঠন করেছেন।