বাগমারায় জমি দখল নিয়ে হামলা, ভাঙচুর পাঁচজন আহত
রাজশাহীর বাগমারায় জমি দখলকে কেন্দ্র করে গতকাল সোমবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের অবসরপ্রাপ্ত সদস্য আবদুল হালিমসহ (৫০) পাঁচজন আহত হয়েছেন।
আহত আবদুল হালিম ও তাঁর স্ত্রী নাজমা আখতারকে (৪২) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় যোগীপাড়া তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক নূরুল ইসলাম জানান, এ ঘটনায় আশরাফুল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বাড়ি নাটোরের তেবাড়িয়া গ্রামে।
গতকাল দুপুরে উপজেলার শ্রীপতিপাড়া গ্রামের আকরাম হোসেন নাটোর এলাকার ১০-১২ জন লোক নিয়ে প্রতিপক্ষ আবদুল হালিমের জমি দখল করতে আসেন। খবর পেয়ে আবদুল হালিম ও তাঁর স্ত্রী ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবদুল হালিম আহত হন।
আবদুল হালিম জানান, জমিটি তিনি কিনে ভোগ দখল করে আসছেন। তবে আকরাম আলী দাবি করেন, তাঁদের জমি প্রতিপক্ষ হালিম অবৈধভাবে দখল করে আসছে। কাউকে ভাড়া করে আনা হয়নি।