বাগমারায় ডায়রিয়া একজনের মৃত্যু
রাজশাহীর বাগমারায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার ডায়রিয়ায় আক্রান্ত এক রোগী মারা গেছেন। এ ছাড়া গত এক সপ্তাহে দুই শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে বলে হাসপাতাল ও চিকিৎসকদের সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ডায়রিয়ায় আক্রান্ত জাকের আলী (৪৫) নামের এক রোগী গতকাল মারা গেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এহসানুল হক বলেন, গতকাল সকালে ওই রোগীকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। রোগীর অবস্থা আগে থেকেই খারাপ ছিল বলে তিনি জানান।
গতকাল বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নারী ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত কয়েকজন নারী ও শিশুকে চিকিৎসা নিতে দেখা যায়। রোগীদের সঙ্গে থাকা অভিভাবকেরা অভিযোগ করেন, হাসপাতালে এসে তাঁরা যথাযথ চিকিৎসার অভাবে স্বস্তি পাচ্ছেন না। ঠিকমতো চিকিৎসক পাওয়া যায় না।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এহসানুল হক বলেন, হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন ও বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বাড়ছে বলে জানান তিনি। একই সঙ্গে এলাকায় খাওয়ার স্যালাইনের সংকটও দেখা দিয়েছে। তবে রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের কোনো গাফিলতি নেই বলে দাবি করেন তিনি।