বাগমারায় হরতাল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের গুলিতে ব্যবসায়ী নিহত হওয়ার প্রতিবাদে ডাকা টানা তিন দিনের হরতাল প্রত্যাহার করা হয়েছে।গতকাল শুক্রবার রাতে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

গতকাল রাতে ব্যবসায়ীদের পক্ষ থেকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন এস এম আরিফ।তিনি বলেন, ‘দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশ আশ্বাস দিয়েছে।পাশাপাশি ঈদে মানুষের ভোগান্তির বিষয়টিও বিবেচনা করা হয়েছে।এসব কারণে হরতাল প্রত্যাহার করা হলো।’ তবে আজ তাহেরপুরে সর্বদলীয় শোকসভার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।চার সদস্যবিশিষ্ট এ কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেনকে।প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।তবে ব্যবসায়ী হত্যার ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।

গত বৃহস্পতিবার তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় ব্যবসায়ী আবু নঈম শামসুর রহমানের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল তাহেরপুর পুলিশ ক্যাম্পে যায়।ঈদের আগে পুলিশ যাতে হয়রানি না করে তা নিয়ে আলোচনার একপর্যায়ে চাঁদাবাজি নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়।এ সময় পুলিশ কনস্টেবল শাহাদত হোসেন রাইফেল দিয়ে ব্যবসায়ীদের ওপর গুলি করেন।এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী মাহাতাব মোল্লা (৩০) নিহত হন।এ সময় আরও ১০ জন গুলিবিদ্ধ হন।

ব্যবসায়ীদের ওপর নির্বিচারে গুলি ও হত্যার প্রতিবাদে তাহেরপুর পৌরসভা এলাকায় গতকাল শুক্রবার থেকে টানা তিন দিনের হরতালের ডাক দিয়েছিল স্থানীয় লোকজন।