বাগমারার আরও এক জনপ্রতিনিধি সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের স্থানীয় এক নেতার দায়ের করা মামলায় বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে একই মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান ও ভবানীগঞ্জ পৌর মেয়র সাময়িক বরখাস্ত হন। বরখাস্ত হওয়া ব্যক্তিরা সবাই বিএনপির স্থানীয় নেতা।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব কামরুন্নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা গেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। এতে ইউনিয়ন পরিষদের আইন লঙ্ঘিত হয়েছে। এই আইন মোতাবেক তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।গতকাল বিকেলে ফ্যাক্সযোগে প্রজ্ঞাপনটি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে পৌঁঁছেছে। প্রসঙ্গত, গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচি চলার সময় বাগমারার আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই দিন রাতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন। পুলিশ ওই মামলায় গত ১৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।