বাগমারার খালে সোতিজাল বিপাকে জেলে ও চাষিরা

রাজশাহীর বাগমারার ওয়াশিলা খালে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সোতিজাল বসিয়ে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। সোতিজাল বসানোর কারণে বিলের পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে রবিশস্যের চাষাবাদও বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। এ জালের কারণে খালে সাধারণ জেলেরাও মাছ ধরতে পারছেন না।
স্থানীয় জেলে ও চাষিরা এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে প্রশাসনের লোকজন উচ্ছেদ অভিযান চালানোর এক দিন পর আবারও বসানো হয়েছে এসব জাল।
সরেজমিনে ২৬ অক্টোবর সকালে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা এলাকায় অবস্থিত সোনাবিলের ওয়াশিলা খালে দেখা যায়, বাঁশের বেড়া দিয়ে সেখানে বিশেষ কায়দায় বসানো হয়েছে সোতিজাল। দানগাছি, পাহাড়পুর, উত্তর একডালা ও কসবা এলাকায় খালের দেড় কিলোমিটারের মধ্যে ছয়টি সোতিজাল বসানো রয়েছে। প্রভাবশালী ব্যক্তিরা শ্রমিক লাগিয়ে মাছ ধরছেন ওই সব জাল দিয়ে। জাল বসানোর ফলে নিষ্কাশন বিঘ্নিত হওয়ায় বিলের নিচু জমিতে আটকে আছে পানি।
অথচ ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, নদীতে বা চলমান স্রোতের ধারায় আড়াআড়িভাবে বাঁধ বা অন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া মাছের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো প্রতিবন্ধকতাও সৃষ্টি করা যাবে না বলে উল্লেখ রয়েছে।
স্থানীয় জেলে ও কৃষকেরা জানান, ওয়াশিলা খালটি ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি, উত্তর একডালা, পাহাড়পুর ও কসবা এলাকা দিয়ে প্রবাহিত। বাগমারা অঞ্চলের সর্ববৃহৎ বিলসতি বিলসহ আশপাশের বিলের পানি এই খাল দিয়ে নেমে ফকিরনি নদীতে চলে যায়। পানি নামার পর কৃষকেরা বিলে আলুসহ বিভিন্ন জাতের রবিশস্যের চাষাবাদ করেন।
উত্তর একডালা গ্রামের জেলে আবুল কালাম মণ্ডল অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বর্ষার শুরুতে খালে সোতিজাল বসিয়েছেন। অথচ তাঁদের কেউই মৎস্যজীবী নন। জাল বসানোর পর থেকে তাঁরা খালে স্থানীয় জেলেদের মাছও ধরতে দিচ্ছেন না। ওই সব জাল অপসারণ ও সাধারণ জেলেদের মাছ ধরার সুযোগ দেওয়ার দাবিতে তিনিসহ স্থানীয় মৎস্যজীবী ও চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় মৎস্যজীবী মোস্তাফিজুর রহমান, মাসুদ রানা, আবদুস সামাদ বলেন, বছরের এ সময়ে (পানি নেমে যাওয়ার পরপর) খালটিতে প্রচুর মাছ পাওয়া যায়। প্রতিবছরই তাঁরা এ খালে মাছ ধরেন। তবে এবার তাঁদের নামতেই দেওয়া হচ্ছে না। গোটা খালই প্রভাবশালী ব্যক্তিরা দখল করে রেখেছেন। এসব মানুষের সঙ্গে তাঁরা পেরে উঠছেন না।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে কসবা, উত্তর একডালা গ্রামের ১১ জন চাষি জানান, খালে সোতিজাল বসানোতে পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এসব জাল যাঁরা বসিয়েছেন, তাঁরা নিজেদের সুবিধার জন্য বিল থেকে ধীরে ধীরে পানি নামাচ্ছেন। এতে ওই এলাকার ৯০০ বিঘা জমির রবিশস্যের চাষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব চাষি আরও জানান, এ বিষয়ে ১৭ অক্টোবর ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিলে প্রশাসন থেকে অভিযান চালিয়ে সোতিজালগুলো তুলে দেওয়া হয় ও জরিমানা করা হয়। কিন্তু এর এক দিন পরই আবারও ওই সব প্রভাবশালী ব্যক্তি জাল বসান।
উত্তর একডালা গ্রামের খিজুর আলী প্রশাসনের সোতিজাল অপসারণের এক দিন পর আবারও জাল বসানোর কথা স্বীকার করে জানান, আওয়ামী লীগের উপজেলা শাখার এক নেতার অনুমতি নিয়ে এবার জাল বসানো হয়েছে। তবে তিনি ওই নেতার নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন। এই খিজুর আলী খালে একাই একটি সোতিজাল বসিয়েছেন।
অন্যরা দুজন বা তিনজন মিলে একটি করে সোতিজাল বসিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন উত্তর একডালা গ্রামের আব্বাস আলী, আবদুর রশিদ; দানগাছি গ্রামের আহসান আলী; কসবা গ্রামের মোখলেসুর রহমান। তাঁরা জেলেদের মাছ ধরতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, জাল বসানোর জন্য প্রশাসন তাঁদের কোনো বাধা দেয়নি। এ ছাড়া এর আগেও তাঁরা এভাবে সোতিজাল বসিয়ে মাছ ধরেছেন। তারই ধারাবাহিকতায় এবারও বসিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান চাষিদের আশঙ্কা ও অভিযোগের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এখনই বিল থেকে পানি না নামলে আলুসহ রবিশস্যের চাষ বাধাগ্রস্ত হবে। সোতিজাল বসিয়ে পানি আটকে রাখাও ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় কাউন্সিলর ইসমাইল হোসেন স্বীকার করেন, খালে যাঁরা সোতিজাল দিয়ে মাছ ধরছেন, তাঁদের সবাই প্রভাবশালী। এই কারণে সেখানে সাধারণ জেলেরা মাছ ধরতে পারেন না এবং পানি নামতেও পারছে না। এই কারণে রবিশস্যের চাষাবাদ ব্যাহত হতে পারে বলে তিনিও মন্তব্য করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন জানান, অভিযোগের ভিত্তিতে খালের সোতিজাল উচ্ছেদ করা হয়েছিল। আবার বসানো হয়েছে বলে জেনেছেন। জেলেদের এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগও উপজেলা প্রশাসনের কাছে রয়েছে বলে জানিয়েছেন তিনি।