বাগমারার জঙ্গি বিপুল জেলহাজতে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অপারেশন কমান্ডার মেজবাউল হক (২৯) ওরফে হকি বিপুল ও তাঁর বাবা বাচ্চু রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে।আদালত সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে বিপুল ও তাঁর বাবা বাচ্চু রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে একটি মামলায় জামিন প্রার্থনা করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।মামলা সূত্রে জানা গেছে, এলাকায় বাংলা ভাইয়ের অভিযান চলাকালে জঙ্গিরা বাগমারার কাঁঠালবাড়ি গ্রামের আবদুল মান্নানকে ধরে তাদের ক্যাম্পে নিয়ে নির্যাতন করে। এ সময় তারা চাঁদা দাবি করে। পরে তাদের ৫০ হাজার টাকা চাঁদা দেন আবদুল মান্নান। এ ঘটনায় ২০০৯ সালের এপ্রিলে মান্নান বাদী হয়ে রাজশাহীর আদালতে মামলা করেন। আদালত মামলা তদন্ত করতে বাগমারা থানার ওসিকে নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ চলতি বছরের জুলাই মাসে আদালতে অভিযোগপত্র দাখিল করে।