বাগমারার জলাশয় থেকে সোঁতিজাল অপসারণ
অবশেষে রাজশাহীর বাগমারার একটি নদ ও দুটি বিল থেকে অবৈধ সোঁতিজাল অপসারণ করা হয়েছে। স্থানীয় প্রভাবশালীরা এসব জলাশয়ে সোঁতিজাল স্থাপন করে মাছ ধরছিলেন।
বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন জানান, স্থানীয় প্রভাবশালীরা বারনই নদ ও কয়েকটি বিলে অবৈধ সোঁতিজাল স্থাপন করে মাছ ধরে আসছিলেন। তাঁরা জাল পাতায় ওই সব জলাশয়ে আর সাধারণ জেলেরাও মাছ ধরতে পারছিলেন না। সোঁতিজাল স্থাপন করায় বিল থেকে পানিও অপসারণ হতে সমস্যা হচ্ছিল। এ জন্য রবিশস্য চাষাবাদেও বিলম্ব হওয়ার আশঙ্কা করছিলেন চাষিরা। এই নিয়ে প্রথম আলোয় সংবাদও প্রকাশিত হয়।
মৎস্য কর্মকর্তা আরও জানান, গতকাল বুধবার সকাল থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা পুলিশের সহযোগিতা নিয়ে বারানই নদের হাসনিপুর ও লাউপাড়ায় স্থাপন করা সোঁতিজাল অপসারণ করা হয়। পরে উপজেলার গণিপুর ইউনিয়নের যশোপাড়া ও শ্রীপুর ইউনিয়নের ষষ্ঠিখালী খালের মুখে বসানো আরও দুটি সোঁতিজাল অপসারণ করা হয়। অপসারণের খবর পেয়ে প্রভাবশালীরা পালিয়ে যান।