বাগমারার সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য ঢাকায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ও সাজাপ্রাপ্ত আসামি আবুল হোসেন (৩৯) ওরফে আবুল মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, আবুল হোসেন আশুলিয়া এলাকায় একটি স্যানিটারি সামগ্রী নির্মাণ কারখানায় কাজ করতেন। খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। পালানোর চেষ্টা করলে তিনি ধাওয়া করে আবুলকে ধরে ফেলেন। এ সময় তাঁকে মারপিট করে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন আবুল। গতকাল শনিবার বাগমারা থানায় আনার পর আদালতের মাধ্যমে আবুলকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, আবুল হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার রায়াপুর গ্রামের বাসিন্দা এবং হামিরকুৎসা ইউনিয়ন পরিষদের সদস্য।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, আবুল মেম্বারের বিরুদ্ধে বাগমারা থানায় খুন, নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি জেএমবির সদস্য ও বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন। জঙ্গিদের মদদ দান, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে দায়ের মামলায় ২০০৭ সালের ২৬ জুলাই আবুলসহ ২৪ জন আসামিকে ৩১ বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।