বাগমারার সেই শিশুটির সুচিকিৎসা হচ্ছে না, কবিরাজ পলাতক
রাজশাহীর বাগমারা উপজেলায় কবিরাজের ‘অগ্নি চিকিৎসায়’ পুড়ে যাওয়া শিশু গোলাম রব্বানীকে (৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করতে বলা হলেও অর্থাভাবে তাকে সেখানে নিতে পারেনি তার পরিবার। এ ঘটনায় কথিত কবিরাজ আবদুল ওয়াহেদের বিরুদ্ধে গতকাল শুক্রবার মামলা হয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক। কবিরাজকে সহযোগিতা করার অভিযোগে রব্বানীর খালু বাবু ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।গত বুধবার রাতে ‘জিনের আছর’ ছাড়ানোর কথা বলে ‘অগ্নি চিকিৎসা’ দিয়ে উপজেলার সাদোপাড়া গ্রামের রব্বানীর শরীরের অংশবিশেষ পুড়িয়ে দেন দাউদপুর গ্রামের কবিরাজ আবদুল ওয়াহেদ। আগুনে শিশুটির শরীরের ৩০ শতাংশ ঝলসে যায়। কবিরাজকে সহযোগিতা করার সময় রব্বানীর খালু বাবু ইসলামও অগ্নিদগ্ধ হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে রব্বানীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরের পরামর্শ দিয়ে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু ঢাকায় পাঠিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য না থাকায় ওই দিন রাতে তাকে বাগমারার ভবানীগঞ্জে অননুমোদিত একটি ক্লিনিকে নেওয়া হয়।সূত্র জানায়, ওই ক্লিনিকের পরিচালক হাতুড়ে চিকিৎসক মোস্তফা কামাল শিশুটির চিকিৎসা করছেন। তবে শিশুটি ক্লিনিকে মারা গেলে বদনাম হবে—এমন আশঙ্কায় ক্লিনিকে না রেখে পার্শ্ববর্তী একটি বাড়িতে রেখে রব্বানীর চিকিৎসা করা হচ্ছে। মোস্তফা কামাল জানান, কয়েক দিন আগে পাশের এক ক্লিনিকে একজন প্রসূতির মৃত্যু হওয়ায় ভয়ে তিনি রব্বানীকে পাশের এক বাড়িতে রেখে চিকিৎসা করছেন।হাতুড়ে চিকিৎসক হওয়ার পরও কীভাবে আগুনে পোড়া রোগীর চিকিৎসা করছেন, এমন প্রশ্নের জবাবে মোস্তফা বলেন, ঢাকার অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাঁর পরামর্শে চিকিৎসা করা হচ্ছে। শিশুটির পরিবারের ঢাকায় পাঠানোর মতো সামর্থ্য না থাকায় তিনি নামমাত্র টাকায় চিকিৎসা দিচ্ছেন। তিনিও শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন বলে দাবি করেন। নিজের ক্লিনিকের কোনো অনুমোদন নেই বলেও স্বীকার করেন মোস্তফা।ওই ক্লিনিকের কাছাকাছি একটি বাড়িতে গিয়ে অগ্নিদগ্ধ শিশু রব্বানীকে কাতরাতে দেখা যায়। রব্বানীর বাবা কাউসার আলী জানান, তিনি দিনমজুর। ছেলের চিকিৎসা করানোর মতো টাকা না থাকায় ‘কামাল ডাক্তারের’ কাছে চিকিৎসা করাচ্ছেন।এদিকে পত্রিকায় এ ঘটনা প্রকাশের পর গতকাল দুপুরে কাউসার আলীকে ডেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে পুলিশ। মামলায় কবিরাজ আবদুল ওয়াহেদ এবং অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলার পরই সাদা পোশাকে পুলিশ কবিরাজের বাড়িতে অভিযান চালায়। এর আগেই সটকে পড়েন তিনি। তবে গতকাল বিকেলে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রব্বানীর খালু বাবু ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, তাঁরা কবিরাজকে ধরার জন্য অভিযান চালাচ্ছেন। বাবুর গ্রেপ্তারের খবর নিশ্চিত করেন পুঠিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এনামুল কবীর।