বাগমারার সেই ১৭ গতিরোধক অপসারণ
রাজশাহীর বাগমারার সইপাড়া-ভবানীগঞ্জ সড়কের ১৭টি গতিরোধক অপসারণ করা হয়েছে। স্থানীয় লোকজনের দাবি ও প্রশাসনের সিদ্ধান্তের কারণে সেগুলো অপসারণ করা হয়। রাজশাহীর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, গত বছর ভবানীগঞ্জ-সইপাড়া সড়ক সংস্কারের সময় ভবানীগঞ্জ থেকে মাদারীগঞ্জ পর্যন্ত শুধু আট কিলোমিটারেই অপরিকল্পিতভাবে ১৭টি গতিরোধক নির্মাণ করা হয়। কোনো অনুমতি না থাকলেও স্থানীয় কিছু লোকজনের চাপে সেগুলো নির্মাণ করে কর্তৃপক্ষ। এতে যান চলাচলে সমস্যা ছাড়াও ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিয়ে প্রথম আলোয় সংবাদ ছাপা হয়। বাগমারায় আগামী ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ২২ আগস্ট উপজেলা পরিষদের এক সভায় গতিরোধকগুলো অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহী জেলা প্রশাসকসহ সব বিভাগের কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহীর সওজ বিভাগ গতিরোধক অপসারণ শুরু করে। দুপুর পর্যন্ত সবগুলো অপসারণ করে কর্তৃপক্ষ।
সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, গতিরোধকগুলো স্থাপনে কোনো অনুমতি নেওয়া হয়নি, স্থানীয় লোকজনের চাপে সেগুলো নির্মাণ করা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুল ইসলাম জানান, গতিরোধকগুলোর কারণে চলাচলে সমস্যা হওয়ায় তা অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।