বাগমারার সেই ‘অগ্নি চিকিৎসক’ গ্রেপ্তার
রাজশাহীর বাগমারা থানার ‘অগ্নিচিকিৎসক’ কবিরাজ আবদুল ওয়াহেদকে (৪৫) পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হলে তিনি বলেন ‘আমি সিজদায় ছিলাম, কীভাবে শিশুটির গায়ে আগুন লেগেছে, বুঝতে পারিনি।’ বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ওযাহেদকে তিন দিনের রিমান্ড আবেদনসহ রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ সোপর্দ করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রাতেই তাঁকে আবার থানায় নিয়ে আসা হয়। গত ২০ অক্টোবর রাতে উপজেলার দাউদপুর গ্রামে নিজ বাড়িতে কবিরাজ ওয়াহেদ আট বছরের শিশু গোলাম রাব্বানীকে ‘অগ্নিচিকিৎসা’ দেওয়ার সময় শিশুটি অগ্নিদগ্ধ হয়। সে মাথাব্যথায় ভুগছিল। কবিরাজ তার শরীরে জিনের আছর আছে বলে একটি গর্তে কলাগাছ পুঁতে তার মধ্যে শিশুটিকে নামিয়ে কেরোসিন তেল, গোলাপজল ও পানি দিয়ে আগুন ধরিয়ে দিয়ে সিজদায় গিয়েছিলেন। তিনি সিজদা থেকে না ওঠা পর্যন্ত শিশুটিকে ধরে রাখতে বলা হয়েছিল। কিন্তু ততক্ষণে শিশুটির শরীরের নিচের অংশ পুড়ে যায়। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক পরের দিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়ে দেন। কিন্তু আর্থিক সংগতি না থাকায় শিশুটির চিকিৎসা হচ্ছিল না। এ নিয়ে প্রথম আলোয় খবর ছাপা হলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল তার চিকিৎসার দায়িত্ব নিয়ে ঢাকায় নিয়ে আসে। এ ব্যাপারে ঘটনার পরদিন থানায় মামলা হলেও পুলিশ কবিরাজকে গ্রেপ্তার করেনি। জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বেলাল হোসেন বলেন, আসামি পলাতক। স্থানীয় লোকজন অভিযোগ করেন, আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি। এমনকি গতকাল বাগমারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেনের সঙ্গে থানার পাশ দিয়ে এক মোটরসাইকেলে চেপে গেলেও টের পায়নি পুলিশ।স্থানীয় লোকজন তাঁদের দেখে রাজশাহীর পুলিশ সুপারকে ফোন করে জানালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। তবে ওই আওয়ামী লীগের নেতা কবিরাজকে মোটরসাইকেল করে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। আবার পুলিশ সুপার রোকন উদ্দিন বলেন, তাঁকে ফোন করে বলা হয়েছিল, কবিরাজ মোটরসাইকেল যাচ্ছে । কিন্তু পুলিশ উপজেলার একডালা নামক স্থানে বাসে ওঠার সময় তাঁকে গ্রেপ্তার করে। তিনি তখন মোটরসাইকেলে ছিলেন না। পুলিশের আসামি না ধরার অভিযোগও তিনি অস্বীকার করেন। গ্রেপ্তারের পর তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কীভাবে শিশুটির গায়ে আগুন লেগেছিল জানতে চাইলে ওয়াহেদ বলেন, তিনি সিজদায় ছিলেন। কীভাবে আগুন লেগেছে, তিনি বুঝতে পারেননি।