চাঁদাবাজি, নির্যাতন ও জঙ্গি মদদদানের অভিযোগে দায়ের করা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১২ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে রাজশাহীর বাগমারা থানার পুলিশ। গত বুধবার রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালত-৩-এ অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ২২ জনকে।মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন জেএমবির সক্রিয় সদস্য কলিম উদ্দিন, লুৎফর রহমান, মামুন মহুরী, সিদ্দিক, আইনুল, জাইদুল, মোফাজ্জল হোসেন, মাহাতাব খামারু, বিপুল, মনসুর, কুদ্দুস ও শামসুদ্দীন।জানা যায়, গত বছরের ৬ মে বাগমারা উপজেলার ঝিকড়া গ্রামের মানিক রাজশাহীর আদালতে ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এতে অভিযোগ করা হয়, ২০০৪ সালের ৬ এপ্রিল জেএমবির জঙ্গিরা মানিককে বাড়ি থেকে তুলে নিয়ে এক লাখ টাকা চাঁদার দাবিতে নির্যাতন করে। পরে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয় জঙ্গিরা। এ ঘটনার পর নিরাপত্তার কারণে মামলা করতে পারেননি মানিক। মামলা করার পর আদালত মামলাটি তদন্ত করে ব্যবস্থা নিতে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।