বাগমারার ১৬ ইউপির নির্বাচন ৩১ অক্টোবর
রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন গত রোববার এ তফসিল ঘোষণা করেছে। গত ৭ মে চতুর্থ দফায় এসব ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নির্বাচন কমিশন থেকে পাঠানোএ-সংক্রান্ত একটি চিঠি গত রোববার সন্ধ্যায় তাঁর দপ্তরে পৌঁছেছে। সে মোতাবেক পুনরায় তফসিল ঘোষণা করা হয়েছে। নতুন তফসিলে আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, যাচাই-বাছাই ৭ অক্টোবর এবং ১৪ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। পরে প্রার্থীদেরমধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
চলতি বছরের ৭ মে চতুর্থ দফায় বাগমারার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। তবে নির্বাচনের দুদিন আগে নির্বাচন কমিশন অনিবার্য কারণ দেখিয়ে উপজেলার সব ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করে। ৭ মে উপজেলার আউচপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সরদার জান মোহাম্মদ ও ‘বিদ্রোহী’ প্রার্থী শহিদুল ইসলামের সমর্থক এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে চারজন নিহত হন।