বাগমারায় অর্ধশত বাড়িঘরে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার বিলকালাই বিলে বেড়া ভাঙা নিয়ে বারইপাড়া গ্রামের অর্ধশত বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মদদ দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন শুভডাঙ্গা ইউপি সদস্য মাসুদ রানা ও সাবেক সদস্য আবদুল মতিউর রহমান।পুলিশ, মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিলকালাই বিলে মাছ চাষ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একটি পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রিয়াজ উদ্দিন ও অপর পক্ষের নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক পি এম সফিকুল ইসলাম। গত রোববার রিয়াজ উদ্দিনের পক্ষের লোকজন বিলকালাই বিলে বেড়া স্থাপন করে। রাতে কে বা কারা ওই বেড়া ভেঙে ফেলে। এ ঘটনায় তারা প্রতিপক্ষ সফিকের লোকজনকে দায়ী করে তাদের কয়েকজনকে রোববার বেলা ১১টার দিকে গালাগাল এবং ধাওয়া করে। পরে সফিক পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে বারইপাড়া গ্রামে প্রতিপক্ষের কমপক্ষে অর্ধশত বাড়িঘরে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে বড় দুটি হাঁসুয়া উদ্ধার এবং ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা ও সাবেক সদস্য মতিউর রহমানকে আটক করে।এ ঘটনায় রোববার রাতে রিয়াজ উদ্দিনের পক্ষের আবদুর রাজ্জাক বাদী হয়ে পি এম সফিকুল ইসলামসহ ৪৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। আটক দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বেশ কিছু বাড়িঘরে এলোপাতাড়ি হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।