বাগমারায় আ.লীগ নেতার ওপর সন্ত্রাসীদের হামলা
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গত শনিবার ঈদের দিন রাতে গোয়ালকান্দি বাজারে এ ঘটনা ঘটে। আহত আবদুর রাজ্জাক ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে মোটরসাইকেলে করে আবদুর রাজ্জাক তাঁর জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তিনি কদমতলা মোড়ে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করার চেষ্টা করে। তিনি দ্রুত পাশ কাটিয়ে মোটরসাইকেল নিয়ে চলে আসতে সক্ষম হলেও সন্ত্রাসীরা তাঁর পিছু নেয়। গোয়ালকান্দি বাজারের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করতে সক্ষম হয়। পরে সন্ত্রাসীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আবদুর রাজ্জাক স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন।বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ পারভেজ বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি।