বাগমারায় আ.লীগ নেতার বিরুদ্ধে প্রকৌশলীকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামের বিরুদ্ধে রেজাউল করিম নামের এক সহকারী প্রকৌশলীকে গত মঙ্গলবার মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেজাউল করিম মঙ্গলবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রেজাউল করিম বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বাগমারা জোনের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী।
রেজাউল করিম বলেন, উপজেলার তেলিপুকুর গ্রামের স্থানীয় কিছু ব্যক্তি নিজেদের উপজেলা চেয়ারম্যানের লোক পরিচয়ে গত মঙ্গলবার সকালে তাঁর দপ্তরে আসেন। তাঁরা ওই গ্রামের একটি গভীর নলকূপের অশ্বশক্তি ১৫ থেকে পরিবর্তন করে ৩০ করার দাবি করেন। সেচ কমিটির সভায় বিষয়টির অনুমোদন ছাড়া অশ্বশক্তি পরিবর্তন সম্ভব নয় বলে তিনি তাঁদের জানিয়ে দেন। এতে ওই লোকজন তাঁর প্রতি চড়াও হন ও হুমকি দিয়ে দপ্তর থেকে বেরিয়ে যান। ওই ঘটনার ঘণ্টাখানেক পর জাকিরুল ইসলাম তাঁকে নিজ দপ্তরে ডেকে পাঠান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি চেয়ারম্যানের দপ্তরে যান। এ সময় জাকিরুল ওই গভীর নলকূপের অশ্বশক্তি পরিবর্তনে তিনি কেন অপারগতা প্রকাশ করেছেন, এই নিয়ে কৈফিয়ত চান। একপর্যায়ে তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ও কিছু বুঝে ওঠার আগেই চেয়ার থেকে উঠে এসে চড়-থাপ্পড় মারেন।
রেজাউল করিম আরও বলেন, দপ্তরে অনেক লোকের সামনে তাঁকে চড়-থাপ্পড় মারা হয়েছে। এ সময় দপ্তরে উপস্থিত লোকজনও হতবাক হন। পরে তিনি তাঁর (রেজাউল) কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে লাঞ্ছিতের প্রতিকার ও নিজের নিরাপত্তা চেয়ে রাতে থানায় ওই জিডি করেন। মারধরের পর বিষয়টি প্রকাশ না করার জন্যও বলা হয়। এ ঘটনার পর তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিজেকে নিরাপত্তাহীন মনে করে বর্তমানে রাজশাহীতে অবস্থান করছেন।
তবে জাকিরুল ইসলাম প্রকৌশলীকে মারধরের কথা অস্বীকার করে বলেন, তিনি (প্রকৌশলী) লোকজনের সঙ্গে খারাপ আচরণ করেন ও সভা আহ্বান করেন না, এ জন্য ধমকের সঙ্গে কথা বলা হয়েছে।
তাহলে তাঁর (জাকিরুল) বিরুদ্ধে থানায় কেন জিডি করা হলো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য কারোর প্ররোচনায় হয়তো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা বলেন, এ ঘটনার পর তাঁরাও নিরাপত্তাহীনতায় পড়েছেন। তাঁদের অভিযোগ, চেয়ারম্যান প্রায়ই কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তবে এর আগে তিনজন পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর (জাকিরুল) বিরুদ্ধে থানায় জিডি রয়েছে। থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, প্রকৌশলীকে মারধরের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় একটি জিডি হয়েছে। প্রকৌশলীর নিরাপত্তার বিষয় দেখা হচ্ছে। ইউএনও নাছরিন আক্তার বলেন, তাঁকে বিষয়টি মুঠোফোনে চেয়ারম্যান ও প্রকৌশলী জানিয়েছেন। তবে লিখিতভাবে কোনো কিছু পাননি। তবে প্রকৌশলীর দাবি, তিনি সশরীরে গিয়ে বলা ছাড়াও লিখিতভাবে ইউএনওকে জানিয়েছেন।