বাগমারায় আ.লীগ নেতার সভা থেকে দুই চরমপন্থী গ্রেপ্তার
রাজশাহীর বাগমারা উপজেলায় গতকাল শনিবার আওয়ামী লীগের এক নেতার নির্বাচনী সভা থেকে দুই চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ঝাড়গ্রামের ফছির উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৩০) ও একই গ্রামের মেছের আলীর ছেলে আবদুল কুদ্দুস (৩২)।
এলাকার অনেকে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম গতকাল মতবিনিময় সভা করেন।
সন্ধ্যার পর উপজেলার ঝিকড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। পরে খবর পেয়ে পুলিশ সেখান থেকে গোলাম মোস্তফা ও আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করে।
তবে ঝিকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ জানান, ওই দুজন তাঁদের দলীয় কর্মী। তাঁরা চরমপন্থী নন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ প্রথম আলোকে জানান, ওই দুজন পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী। তাঁরা দীর্ঘদিন পলাতক থাকার পর কিছুদিন আগে এলাকায় ফিরে আসেন।
তাঁদের বিরুদ্ধে চরমপন্থীদের সংগঠিত ও লোকজনকে ভয়ভীতি দেখানোর অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। আজ রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে ওসি জানিয়েছেন।