বাগমারায় আবাদি জমি থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের খাঁপুর এলাকায় আবাদি জমি থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে আশপাশের ফসলি জমি ও সড়ক ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া কাছাকাছি থাকা একটি সেতুও হুমকির মধ্যে রয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ভাই এর নেপথ্যে রয়েছেন।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, খাঁপুর এলাকায় আবাদি জমি থেকে দুটি শ্যালোমেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পাইপের মাধ্যমে বালু উত্তোলন করে ফেলা হচ্ছে পাশের জমিতে। সেখান থেকে ছোট ট্রাকে করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। চারপাশে রয়েছে গম, বোরো ও ভুট্টাখেত।
বালু উত্তোলনের স্থান থেকে ৫০ গজ দূরেই ভবানীগঞ্জ-দ্বীপপুর পাকা সড়ক। এ ছাড়া ৬০০-৭০০ গজের মধ্যে রয়েছে একটি সেতু। বালু উত্তোলনের ফলে ইতিমধ্যে ২০ বিঘা আবাদি জমিতে ধসের সৃষ্টি হয়েছে।
স্থানীয় অর্ধশত ব্যক্তি বলেন, এক মাস ধরে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। দ্বীপপুর ইউপির চেয়ারম্যান মকলেছুর রহমানের ছোট ভাই তোফায়েল আহমেদ, তাঁর আত্মীয় মহির উদ্দিন ও আওয়ামী লীগ কর্মী জাহাঙ্গীর আলম বালু তোলার সঙ্গে জড়িত।
নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন শ্রমিক বলেন, বালুভর্তি প্রতি ট্রলি ১ হাজার ৫০০ টাকা এবং মাটি ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
বালু উত্তোলনের কারণে এ বছর সেখানকার জমিতে চাষাবাদও করা সম্ভব হয়নি। নাম প্রকাশ না করার শর্তে চারজন কৃষক বলেন, তাঁদের কাছ থেকে কৌশলে জমি ইজারা নেওয়া হয়েছে। প্রথমে কয়েকজনের কাছ থেকে পুকুর খননের জন্য ইজারা নেওয়া হয়েছিল। পরে বাধ্য হয়ে অন্যরা সম্মতি দিয়েছেন। তবে এখনো টাকা পরিশোধ করা হয়নি।
আওয়ামী লীগ কর্মী জাহাঙ্গীর আলম বলেন, তাঁরা স্থানীয় কৃষকদের কাছ থেকে প্রতি বিঘা জমি ২২ হাজার টাকা এক বছরের জন্য ইজারা নিয়েছেন। ওই সব জমিতে কোনো চাষাবাদ হয় না বলেও দাবি করেন। তাঁর দাবি, এভাবে বালু তোলার কারণে সড়ক ও সেতুর কোনো সমস্যা হবে না।
ইউপি চেয়ারম্যানের ভাই তোফায়েল আহমেদ দাবি করেন, যেখান থেকে বালু তোলা হচ্ছে সেটা হচ্ছে অনাবাদি জমি, এতে কোনো ক্ষতি হবে না। চেয়ারম্যান মকলেছুর রহমান বলেন, তাঁর ভাই ও আত্মীয়রা বালু উত্তোলন করছেন। এ বিষয়ে পত্রিকায় কিছু না লেখার জন্য অনুরোধ করেন তিনি।
উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, খাঁপুর এলাকার বালু উত্তোলনের বিষয়টি তিনি জানেন না। যদি সড়ক ও সেতুর কাছ থেকে মেশিন দিয়ে বালু তোলা হয়, তবে এগুলো হুমকিতে পড়বে। এখনই ক্ষতিগ্রস্ত না হলেও বর্ষা মৌসুমে এর প্রভাব দেখা যাবে।
সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন বলেন, তিনি বিষয়টি জানেন না, খোঁজ নিয়ে দেখবেন।