বাগমারায় আবারও কেনা প্রশ্নপত্রে পরীক্ষা!
রাজশাহীর বাগমারায় আবারও শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র না মেনে কেনা প্রশ্নপত্রে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। আর্থিক লাভের আশায় শিক্ষক সমিতির কাছ থেকে প্রশ্নপত্র কিনে বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নিচ্ছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে উপজেলার ২৮টি নিম্নমাধ্যমিক ও ৬৯টি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়। ২০০৫ সালের শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞ শিক্ষকেরা প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেবেন বলে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু মন্ত্রণালয়ের এই পরিপত্র লঙ্ঘন করে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা আর্থিক লাভের আশায় জেলা শিক্ষক সমিতির সরবরাহ করা ও বগুড়ার একটি প্রকাশনী সংস্থার কাছ থেকে কেনা প্রশ্নপত্রে শনিবার থকে শুরু হওয়া পরীক্ষা নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, মান যাচাই না করে প্রতিষ্ঠান প্রধানেরা আর্থিক সুবিধার জন্য সমিতির কাছ থেকে প্রশ্নপত্র কিনছেন। এসব প্রশ্নপত্র সহজে ফাঁস হওয়ার আশঙ্কা থাকে। গত এপ্রিল মাসে অনুষ্ঠিত প্রথম সাময়িক পরীক্ষার অষ্টম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। এ অভিযোগে এক শিক্ষকসহ ছয়জনকে আটক করে র্যাব। এর আগেও কেনা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে এবং এ নিয়ে মামলা হয়েছে।গত বুধবার থেকে উপজেলা শিক্ষা অফিস প্রত্যেক মধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের পরিপত্র অনুযায়ী পরীক্ষা নেওয়ার জন্য চিঠি দেন। তার পরও কেনা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। বাগমারা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও একডালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম সমিতি থেকে কেনা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সমিতি আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে, তাই সেখান থেকেই প্রশ্নপত্র কেনা হয়।’ জানা গেছে, জেলা শিক্ষক সমিতি একসঙ্গে বিপুল পরিমাণ প্রশ্নপত্র ছাপায়। এ কারণে তাঁদের খরচ কম হয়। তবে প্রতিটি প্রশ্ন তিন থেকে চার গুণ বেশি দামে বিক্রি করে ওই সমিতি। তারা এই প্রশ্নপত্র সমিতিভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করেছে। জেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল বারী জানান, কাউকে বাধ্য করা হয় না। সমিতির স্বার্থে তাঁরা প্রশ্নপত্র সংগ্রহ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান জানান, সরকারি পরিপত্র অনুযায়ী নিজেদের তৈরি প্রশ্নপত্রে বিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার কথা। এ সংক্রান্ত মন্ত্রণালয়ের পরিপত্রের অনুলিপি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া হয়েছে।