রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের কর্মী মুন্তাজ আলী (৪৫) গতকাল বৃহস্পতিবার সকালে মারা গেছেন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সংঘর্ষে গুলিবিদ্ধ মুন্তাজ পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল।
ইউপি নির্বাচনকে ঘিরে বাগমারায় গত শনিবার এক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিলেন সারন্দি গ্রামের বাসিন্দা মুন্তাজ আলী। ওই সংঘর্ষের ঘটনায় পুলিশ ৬০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে।
মুন্তাজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ওই মামলার বাদী এবং বাগমারা থানার আটগাঙ্গোপাড়া তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসউদ আলী। তিনি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে লাশ সারন্দি গ্রামের উদ্দেশে পাঠানো হয়েছে।
ওই সংঘর্ষের ঘটনায় এর আগে আরও তিনজন প্রাণ হারিয়েছেন। তাঁরা হলেন সারন্দি গ্রামের সিদ্দিকুর রহমান (৩০) ও রমজান আলী (৪৫) এবং কোন্দা গ্রামের জাহিদ হাসান (৩৪)। তাঁরা আউচপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সরদার জান মোহাম্মদের কর্মী। তাঁদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলামের সমর্থক এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছিল।