রাজশাহীর বাগমারা উপজেলার শিকদারীতে পশুর হাট বসানোকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। সংঘাত এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।এদিকে জেলার দুর্গাপুরে একটি ভবন নির্মাণের দরপত্রের লটারি নিয়ে গতকাল আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছে।হাট বসানোয় বাধা, ইউএনও লাঞ্ছিত: প্রত্যক্ষদর্শী ও বাগমারা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন নিজেদের সুবিধার জন্য গত ২৯ এপ্রিল শিকদারীতে একটি মাঠে পশুর হাট বসান। পার্শ্ববর্তী নওগাঁর আত্রাই উপজেলায় একটি পশুর হাট থাকায় সেখানকার প্রশাসন এই হাটের ব্যাপারে আপত্তি তোলে। শিকদারীতে গতকাল পুনরায় হাট বসলে বাগমারার ইউএনও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে সেখানে পৌঁছান। এ সময় ইউএনও হাটের উদ্যোক্তা স্থানীয় সাংসদ এনামুল হকের আপন মামা খামার গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের কাছে হাট বসানোর ব্যাপারে জানতে চান এবং তাঁর সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে ইউএনও আবুল খায়ের মো. মারুফ হাসান ক্ষিপ্ত হয়ে মজিবুরকে চড়থাপড় মারেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ইউএনওকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এ পর্যায়ে র্যাব তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে ইউএনও দৌড়ে রাস্তায় রাখা র্যাবের কর্মকর্তার গাড়িতে উঠে পালিয়ে যান। এ সময় জনতা ধাওয়া দিয়ে ওই গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনার পর জনতা সেখানে থাকা পুলিশ ও র্যাবের সদস্যদের ওপর চড়াও হয়। একপর্যায়ে জনতার হাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাঞ্ছিত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে জনতা পুলিশকে ধাওয়া করলে তারাও পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়। এসব ঘটনার পর উপজেলা প্রশাসন সেখানে দুপুর একটা থেকে ১৪৪ ধারা জারি করে। গতকাল রাত আটটা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা বলবৎ ছিল।এ ব্যাপারে আবুল খায়ের মো. মারুফ হাসান প্রথম আলোকে বলেন, ‘মজিবুরকে মারা হয়নি। অবৈধভাবে হাট বসানোর কারণ জানতে চাইলে তিনি আমাকে গালাগাল করেন। এ জন্য মজিবুরকে আটকের চেষ্টা করা হলে লোকজন আমার ওপর হামলা করে। এ ব্যাপারে আমি মামলা করব।’ ইউএনও জানান, ওই হাটের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। তা ছাড়া সরকারি বিধি মোতাবেক ২০ কিলোমিটারের মধ্যে একাধিক হাট একই দিনে বসানো যায় না।থানার ওসি হারুন অর রশিদ জনতার হাতে লাঞ্ছিত হওয়ার কথা স্বীকার করে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ: দুর্গাপুরের স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়। গত বুধবার উপজেলা প্রকৌশলীর দপ্তরে এর লটারি হয়। উপজেলা আওয়ামী লীগের নেতা আবদুল লতিফ অভিযোগ করেন, প্রথমবারের লটারিতে তাঁর (লতিফ) সমর্থিত একজন ঠিকাদারের প্রতিষ্ঠানের নাম ওঠে। অভিযোগ পাওয়া যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবদুল মজিদ সরদারের সমর্থিত ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে দ্বিতীয়বার লটারি করা হয়। এ দফায় চেয়ারম্যান সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাবিহা কনস্ট্রাকশনের নাম ওঠে।আবদুল লতিফ বলেন, দুবার লটারি করার ব্যাপারটি তিনি ইউএনওকে জানিয়েছেন। তিনি জানান, গতকাল দুপুর ১২টার দিকে এ ব্যাপারে কথা বলার জন্য তাঁকে ডেকে নিয়ে পেছন থেকে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়। তিনি বলেন, তাঁর মাথায় ১৭টি সেলাই দেওয়া হয়েছে। তিনি রাজশাহীর মুক্তি ক্লিনিকে চিকিৎসাধীন।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার পর বেলা দুইটার দিকে লতিফের পক্ষের লোকজন উপজেলা সদরে লঠি মিছিল বের করে। চেয়ারম্যানের লোকজনও পাল্টা মিছিল বের করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে চেয়ারম্যানের পক্ষে অবস্থান নেওয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালিম উদ্দিন আহত হন। এ সময় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। সালিমকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ইউএনও আলতাফ হোসেন শেখ বলেন, তিনি দুবার লাটারি করার কথা শুনেছেন। তবে উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ সরদার তাঁর সঙ্গে লতিফের বিরোধের কথা পুরোপুরি অস্বীকার করে বলেন, তাঁরা একসঙ্গে চলাফেরা করেন। তিনি বলেন, লটারিতে কোনো অনিয়ম হলে ২১ জন ঠিকাদার চুপ করে থাকতেন না।দুর্গাপুর থানার ওসি এ টি এম আমিনুল ইসলাম বলেন, একজনকে মারধরের ঘটনায় দুই পক্ষ মহড়া দিয়েছে। কেউ মামলা করেনি।