বাগমারায় ইউএনওর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে একটি খাসপুকুরের ইজারা বাতিলের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে গত বৃহস্পতিবার দুই ব্যক্তি বাদী হয়ে রাজশাহীর সহকারী জজ আদালতে (বাগমারা) তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার আরজি সূত্রে জানা যায়, উপজেলার নীচুপাড়া গ্রামের অহির উদ্দিন ও জহুরা বিবি গত ২ জানুয়ারি ওই গ্রামের ৪৫ শতাংশ আয়তনের একটি খাসপুকুর ইজারা নেওয়ার জন্য আবেদন করেন। পুকুরটি তাঁদের নিজস্ব জমির পাশে হওয়ায় সহ-অংশীদার দাবি করে ওই আবেদন করা হয়। ২৬ জানুয়ারি উপজেলা ভূমি কার্যালয় খাসপুকুরটির সহ-অংশীদার হিসেবে ওই দুজনের নামে তিন বছরের জন্য ইজারা দেয়। ইজারার টাকা পরিশোধ করে তাঁরা ভূমি কার্যালয় থেকে অনুলিপি (ডিসিআর) সংগ্রহ করেন। এরপর থেকে তাঁরা পুকুরে মাছ চাষ করছেন।

কিন্তু ১৮ আগস্ট জহুরা বিবি বাগমারা ইউএনওর দপ্তর থেকে ইজারা বাতিল-সংক্রান্ত একটি চিঠি পান। ১৭ আগস্ট ইউএনও তরিকুল ইসলামের সই করা ওই চিঠিতে উল্লেখ করা হয়, জহুরা বিবি সহ-অংশীদার হিসেবে ইজারার কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ জন্য তাঁর ইজারা বাতিল করা হয়েছে।

গতকাল শনিবার জহুরা বিবি ও অহির উদ্দিন বলেন, বর্তমানে ওই পুকুরে প্রায় ২০ মণ মাছ রয়েছে। ইজারা বাতিলের আগে তাঁদের কাছে কোনো চিঠি বা নোটিশ দেওয়া হয়নি। তাঁদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগও দেওয়া হয়নি। তাঁরা সাংবাদিকদের কাছে সহ-অংশীদারির ইজারা-সংক্রান্ত কাগজপত্র দেখান। তাতে দেখা যায়, গত বছরের ২৬ জানুয়ারি সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা ইউএনও সাদেকুল ইসলাম ওই ইজারা-সংক্রান্ত কাগজপত্র ও অনুলিপিতে স্বাক্ষর করেছেন। ইজারার মেয়াদকাল বাংলা ১৪২১ থেকে ১৪২৩ সন পর্যন্ত উল্লেখ করা হয়েছে। 

এ ব্যাপারে ইউএনও তরিকুল ইসলাম বলেন, জহুরা বিবি ইজারা-সংক্রান্ত কোনো কাগজপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে দেখাতে পারেননি। এ জন্য ইজারা বাতিল করা হয়েছে।