বাগমারায় একই জলাশয় দুবার ইজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে নীতিমালা লঙ্ঘন করে প্রতারণার মাধ্যমে একই জলাশয় দুজনকে ইজারা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।বাগমারা উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ঝিকড়া মৌজার একটি জলাশয় গত ১৪ অক্টোবর ওই এলাকার হানিফ আলী নামের এক ব্যক্তিকে বাংলা ১৪১৯ সনের চৈত্র মাস পর্যন্ত ইজারা দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা জলমহাল খাস আদায় কমিটির আহ্বায়ক সাইদুর রহমান এক বছরের জন্য জলাশয়টি ইজারা দেন। কিন্তু আগের ইজারা বাতিল না করেই তিনি ২৩ অক্টোবর একই জলাশয় ওই গ্রামের আলাউদ্দিন নামের আরেক ব্যক্তিকে ইজারা দেন। আলাউদ্দিন পুকুরটি দখলে নিতে গেলে বিষয়টি জানাজানি হয়।প্রথম ইজারা পাওয়া হানিফ আলী অভিযোগ করেন, সাইদুর রহমান প্রভাবিত হয়ে তাঁর নামে ইজারা দেওয়ার নয় দিন পর আরেকজনকে ওই পুকুর ইজারা দিয়েছেন। তবে তিনি প্রভাবিত হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, সাইদুর রহমান নীতিমালা না মেনে পুকুরটি দ্বিতীয়বার আলাউদ্দিনের নামে ইজারা দিয়েছেন। জলমহাল ইজারা দেওয়ার নীতিমালায় ইজারা বাতিলের পর পুনরায় ইজারার জন্য নোটিশ দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। তবে ঘটনা প্রকাশ পাওয়ার পর তথ্য গোপন রাখার অভিযোগে ৩১ অক্টোবর হানিফ আলীর ইজারা বাতিল করেন তিনি। ওই তারিখে ইজারা বাতিলের চিঠিতে স্বাক্ষর করা হলেও তা ৭ নভেম্বর হানিফ আলীর কাছে পৌঁছে দেন ভূমি অফিসের লোক। হানিফ আলী জানান, তিনি কী তথ্য গোপন রেখেছেন, তা ওই চিঠিতে উল্লেখ করা হয়নি।সাইদুর রহমান জানান, সাব-লিজ দেওয়ায় হানিফের ইজারা বাতিল করা হয়েছে। এই তথ্য তিনি গোপন রেখেছিলেন। ইজারা বাতিলের আগে আরেকজনকে ইজারা দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, দ্বিতীয়বার ইজারা দেওয়ার আগেই প্রথম ইজারা বাতিল করা হয়েছে। তবে প্রথম ইজারা বাতিলের আট দিন আগে আরেকজনকে ইজারা দেওয়ার প্রমাণ এবং তাঁর (সহকারী কমিশনার) স্বাক্ষর করা চিঠি এই প্রতিবেদকের কাছে আছে বলে জানালে তিনি কোনো মন্তব্য করেননি।