বাগমারায় ওএমএসের ডিলার আওয়ামী লীগের নেতারা!
রাজশাহীর বাগমারায় খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) জন্য ইউনিয়ন পর্যায়ে ডিলার হিসেবে নিয়োগ পাওয়া ১২ জনের মধ্যে ১১ জনই আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী। নীতিমালা লঙ্ঘন করে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে ওএমএসের চাল বিক্রির জন্য উপজেলার ১৬টি ইউনিয়নের ১২টিতে ডিলার নিয়োগের জন্য গত ২৭ ফেব্রুয়ারি আবেদনপত্র আহ্বান করা হয়। সেই অনুযায়ী আগ্রহী ব্যক্তিরা নিয়োগ পেতে আবেদন করেন। ৩ মার্চ বিকেলে উপজেলা ওএমএস কমিটির সভায় ১২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এবং ওই দিনই তাঁদের ডিলার হিসেবে নিয়োগ করা হয়। এর মধ্যে ১১ জনই আওয়ামী লীগের নেতা-কর্মী। নিয়োগ পাওয়া ডিলারদের ৬ মার্চ দেড় মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়। ডিলার হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান, হামিরকুৎসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হান্নান সরদার, উপজেলা তরুণ লীগের সভাপতি আবু জাফর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি চৌধুরী মুক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাহারুল হকের ভাই ও আওয়ামী লীগের কর্মী মোজাহারুল হক, আওয়ামী লীগের কর্মী আরিফুল ইসলাম, ইয়াছিন আলী, সাইফুল ইসলাম, ফারুক হোসেন, আবদুস সামাদ প্রমুখ।ডিলার হিসেবে নিয়োগ পেতে আবেদনকারী নজরুল ইসলাম, আবদুল করিম ও রেজাউল করিম বলেন, ‘যাঁদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা ব্যবসায়ী নন। আর ব্যবসায়ী হলেও আওয়ামী লীগের রাজনীতি না করায় আমাদের নিয়োগ দেওয়া হয়নি।’উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডি এম জিয়াউর রহমান বলেন, ‘আমি ওএমএস কমিটির উপদেষ্টা থাকা সত্ত্বেও আমাকে ডিলার নিয়োগের ব্যাপারে কিছুই জানানো হয়নি। দলীয় বিবেচনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’ নিয়োগ পাওয়া ডিলার আবু জাফর দাবি করেন, যোগ্যতার বলে তিনি নিয়োগ পেয়েছেন। নিয়োগ পাওয়া অন্যরা নিজেদের আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী দাবি করে বলেন, তাঁরা যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ পেয়েছেন।উপজেলা ওএমএস কমিটির সদস্যসচিব ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুল হান্নান জানান, নিয়ম অনুযায়ী একজন মুদি দোকানদারকেও ডিলার নিয়োগ করা যায়। নিয়োগ পাওয়া ব্যক্তিদের অনেকেই ব্যবসার অনুমতিপত্র (ট্রেড লাইসেন্স) জমা দিয়েছেন। রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এই কমিটির সভাপতি ইউএনও, তিনিই এ ব্যাপারে ভালো বলতে পারবেন। কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জানান, যাচাই-বাছাই করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোনো দলীয়করণ হয়নি।এ ব্যাপারে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু হোরায়রা গত রোববার বলেন, নিয়ম অনুযায়ী ডিলার নিয়োগ করা হয়েছে। এখানে কোনো দলীয়করণ হয়নি। তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি।