বাগমারায় কাউন্সিল ছাড়াই গভীর রাতে ছাত্রলীগের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি গঠনের জন্য দীর্ঘ ১৫ বছর পর গত শনিবার রাজশাহীর বাগমারা উপজেলা ছাত্রলীগের সম্মেলন আয়োজন করা হয়েছিল। গণতান্ত্রিকভাবে সম্মেলনস্থলেই সবার ভোট নিয়ে কমিটি করার কথা। কিন্তু তা না করে রাতের বেলা স্থানীয় সাংসদের ব্যবসাপ্রতিষ্ঠানে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ ঘটনায় সংগঠনটির নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ওই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৫ বছর পর ১১ মার্চ বাগমারা উপজেলা ছাত্রলীগের সম্মেলনের দিন নির্ধারণ করা হয়। কিন্তু ১২ মার্চ ঢাকায় চার দলের মহাসমাবেশ থাকায় দিন পরিবর্তন করে ১৭ মার্চ সম্মেলনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী শনিবার সকাল ১০টায় উপজেলার দেউলা রানী রিভারভিউ স্কুল মাঠে সম্মেলন শুরু হয়। সম্মেলনে স্থানীয় সাংসদ এনামুল হক প্রধান অতিথি ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য নির্বাচনের জন্য কাউন্সিল হওয়ার কথা ছিল। কিন্তু বেলা একটায় প্রথম অধিবেশন শেষ হওয়ার আগে একাধিক প্রার্থী থাকার অজুহাতে প্রধান অতিথির ব্যবসাপ্রতিষ্ঠান শিকদারী সালেহা ইমারত হিমাগারে কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়। সেই অনুযায়ী সম্ভাব্য প্রার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে ভিড় জমান। কিন্তু সেখানেও কোনো সুরাহা না হওয়ায় পত্রিকার মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে বলে নেতা-কর্মীদের জানিয়ে দেওয়া হয়। রাত ১১টার দিকে জেলা ছাত্রলীগের নেতারা সভাপতি হিসেবে আব্দুল মালেককে এবং সাধারণ সম্পাদক হিসেবে জহুরুল ইসলামের নাম ঘোষণা করে সাংসদের ব্যবসাপ্রতিষ্ঠান ত্যাগ করেন। রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য ও বাগমারা উপজেলা সভাপতি প্রার্থী মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, ছাত্রলীগের গঠনতন্ত্র তোয়াক্কা না করে পকেট কমিটি গঠন করা হয়েছে। ছাত্ররা ভোটের মাধ্যমে প্রকাশ্যে কমিটি গঠনের দাবি জানালেও তা না করে রাতের অন্ধকারে পকেট কমিটি গঠন করা হয়েছে।ছাত্রলীগের ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, ‘বাগমারা ছাত্রলীগের রাতে যে কমিটি গঠন করা হয়েছে তাতে আমরা ক্ষুব্ধ। ভোটের মাধ্যমে কমিটি গঠন হলে নেতা-কর্মীরা তাঁদের যোগ্য নেতৃত্ব বেছে নিতে পারতেন। এখন আমাদের ওপর পকেট কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে।’জেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এটা কোনো পকেট কমিটি নয়। এটা গঠনতন্ত্র অনুযায়ী বা গণতান্ত্রিকভাবে করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে সর্বশেষ বাগমারা উপজেলা ছাত্রলীগের সম্মেলন হয়।