বাগমারায় কিশোরের বিরুদ্ধে চাচাকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় এক কিশোর তার চাচাকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই কিশোর ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন।
গত শুক্রবার সকালে উপজেলার আউচপড়া ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তজের আলী (৪২)। তিনি গ্রামের ভুট্টু আলীর ছেলে।
নিহত ব্যক্তির স্ত্রী ও স্থানীয় লোকজন বলেন, শুক্রবার সকালে খালগ্রাম উচ্চবিদ্যালয়ের ওই ছাত্র তার এক ভাইকে নিয়ে আলুখেত থেকে মাটি কাটতে যায়। সকাল সাড়ে ১০টার দিকে তার চাচা তজের আলী জমিটি তাঁদের দাবি করে মাটি কাটতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে ক্ষুব্ধ হয়ে ওই কিশোর বাড়ি থেকে একটি চাকু নিয়ে এসে আলুখেতেই তার চাচা তজের আলীর ওপর চড়াও হয়। চাকুর আঘাতে তজের আলী গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পাশের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি মারা যান।
এ ঘটনার পর ওই কিশোর তার মা-বাবা ও ভাইকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। রাতে পুলিশ অভিযান চালিয়ে খেত থেকে একটি চাকু উদ্ধার করেছে।
বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, নিহত তজের আলীর স্ত্রী রেজিয়া খাতুন বাদী হয়ে ওই স্কুলছাত্রকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক।