বাগমারায় কিশোরী ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী সেই কিশোরীকে পুলিশ উদ্ধার করেছে। ধর্ষককে পালিয়ে যেতে সহযোগিতা ও জরিমানা করে টাকা নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারার অভিযোগে গ্রাম্য মাতব্বরদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ একজন ইউপি সদস্য ও একজন মাতব্বরকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, দ্বীপনগর গ্রামের বাসিন্দা বাসুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু তাহের ও মাতব্বর উছমান আলী। জানা গেছে, উপজেলার দ্বীপনগর গ্রামের এক প্রতিবন্ধীর সঙ্গে পাবনার আটঘরিয়ার আবদুল মান্নান নামের এক তরুণ মুঠোফোনে প্রেমের সর্ম্পক গড়ে তোলেন। ওই তরুণ সেই সূত্র ধরে ১৯ সেপ্টেম্বর কিশোরীটির বাড়িতে যান। রাতে কিশোরীর বাড়িতে থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন ওই তরুণ। এ ব্যাপারে গ্রাম্য মাতব্বরেরা তরুণের অভিভাবকদের ডেকে ২০ সেপ্টেম্বর গ্রাম্য সালিস বসিয়ে অর্ধলক্ষ টাকা জরিমানা করেন; পরে তাঁরা ওই তরুণকে পালাতেও সহযোগিতা করেন। মাতব্বরেরা জরিমানার টাকা কিশোরীর পরিবারকে না দিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। কিশোরীর পরিবারকে আইনের আশ্রয় নিতেও বাধা দেন তাঁরা। এ নিয়ে ২৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘ধর্ষণের জরিমানার টাকাও ভাগাভাগি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসে। গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।