বাগমারায় কৃষককে পিটিয়ে হত্যা
রাজশাহীর বাগমারায় এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত কৃষকের নাম আবদুর রহমান (৫৬)। তিনি আউচপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। বিএনপি আবদুর রহমানকে দলীয় কর্মী বলে দাবি করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার সকালে আবদুর রহমান বাড়ির পাশে জমিতে গমের বীজ লাগাতে যান। এ সময় জমিতে পানি জমে থাকায় তিনি বীজ রোপণ করতে পারেননি। জমিতে পানি জমে থাকার বিষয়ে তিনি প্রতিবেশী জাহাঙ্গীর আলমকে দায়ী করেন। এ নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে জাহাঙ্গীর তাঁর হাতে থাকা কোদাল দিয়ে আবদুর রহমানকে পিটিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
বাগমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান জানান, আবদুর রহমান তাঁদের দলীয় কর্মী। জাহাঙ্গীর স্থানীয় যুবলীগের কর্মী বলে জানান তিনি। তবে আউচপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, এটা কোনো রাজনৈতিক খুন নয়। বাগমারা থানার ওসি আবদুল হামিদ জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি।