বাগমারায় কৃষিজমিতে পুকুর খনন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে কৃষিজমিতে পুকুর খনন চলছেই। স্থানীয় লোকজন প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। খননকারীদের দাবি, তাঁরা প্রশাসনের সঙ্গে কথা বলেই জমির শ্রেণি পরিবর্তন করছেন।
এভাবে পুকুর খনন নিয়ে এর আগে ১২ জানুয়ারি প্রথম আলোয় ‘নীতিমালা লঙ্ঘন করে কৃষিজমিতে পুকুর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উপজেলা প্রশাসনও পুকুর খনন বন্ধের নির্দেশ দিয়ে এলাকায় মাইকিং করে।
উপজেলার শুভোডাঙা ইউনিয়নের মচমইল গ্রামের জোনাব আলী, ফয়েজ উদ্দিন, মহসিন আলী অভিযোগ করেন, তাঁদের এলাকায় কৃষিজমিতে পুকুর খনন চলছে। কয়েক দফা বাধা দিলেও লাভ হয়নি। তাঁরা আরও অভিযোগ করেন, ওই সব জমিতে এবার ধান চাষের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু পুকুর খনন করায় জলাবদ্ধতা দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। এভাবে পুকুর খনন বন্ধের দাবিতে ২৫ জানুয়ারি তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও লিখিত আবেদন করেছেন বলে জানান।
সরেজমিনে গত মঙ্গলবার সকালে ওই মচমইল এলাকায় গিয়ে দেখা যায়, ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমিতে পুকুর খনন করা হচ্ছে। পুকুর খননকারী অভ্যাগতপাড়ার রেজু প্রামাণিক শিকার করেন, পুকুর খননের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে প্রশাসনের সঙ্গে আলাপ হয়েছে। তাঁরা কোনো বাধা দেবেন না বলে আশ্বাস দেওয়ার পরই পুকুর খনন করা হচ্ছে বলে জানান তিনি। প্রশাসনের কারা আশ্বাস দিয়েছেন তা জানতে চাইলে রেজু প্রামাণিক ঢালাওভাবে বলেন, ‘সবাই’।
অপরদিকে নুরপুর ও বড়বিহানালীতেও আবাদি জমিতে পুকুর খননের চিত্র দেখা যায়। ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন করা হচ্ছে। ওই সব এলাকার পুকুর খননকারীদের মধ্যে আবুল হোসেন, আবদুল জলিল জানান, কৃষিজমিতে পুকুর খনন করা হলেও কোনো অনুমতি নেননি। তবে তাঁরাও প্রশাসনের আশ্বাস পেয়েই খননকাজ করছেন বলে দাবি করেন। ওই এলাকার সামাদ, আনিছুর রহমান, বেলাল হোসেনসহ কয়েকজন কৃষক অভিযোগ করেন, কৃষিজমিতে পুকুর খনন করা যাবে না বলে মাস খানেক আগে ইউএনওর পক্ষ থেকে মাইকিং করা হয়। এরপর আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
গত বছরের ১১ জুন ভূমি মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, কৃষিজমি যতটুকু সম্ভব রক্ষা করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জমির প্রকৃতিগত কোনো পরিবর্তন আনা যাবে না।
এসব বিষয়ে বাগমারার ইউএনও বেগম নাছরিন আক্তারের সঙ্গে গত মঙ্গলবার মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন, তিনি এখানে নতুন যোগদান করেছেন। এলাকাবাসীর লিখিত অভিযোগটি এখনো তাঁর নজরে আসেনি। দুই দিনের ছুটিতে আছেন, এসে দেখবেন। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেবেন বলে জানান তিনি।