বাগমারায় খাদ নিয়ে সংঘর্ষ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় খাদের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগের এক নেতারসহ পাঁচটি বসতঘর ভাঙচুর করা হয়। গতকাল সোমবার উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার কালিকাপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বাঁধসংলগ্ন কয়েকটি খাদ নিয়ে কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাকের সমর্থকদের সঙ্গে গতকাল সকালে বিএনপির স্থানীয় কর্মী মমতাজ উদ্দিনের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। এক পর্যায়ে মমতাজ উদ্দিনের সমর্থকেরা আওয়ামী লীগ নেতা রাজ্জাকেরসহ পাঁচজনের বসতঘর ভাঙচুর করেন। আহতদের মধ্যে কালিকাপুর গ্রামের মোকসেদ (৪৬), সাইফুল ইসলাম (১৬) ও ওমর আলীকে (২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁরা রাজ্জাকের সমর্থক।
আবদুর রাজ্জাক অভিযোগ করেন, মমতাজ উদ্দিন রাজনৈতিক কারণে তাঁদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করেছেন। মমতাজ উদ্দিন দাবি করেন, তাঁদের নিয়ন্ত্রিত খাদ প্রতিপক্ষ দখলের চেষ্টা করেছে। এ নিয়ে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালান।