বাগমারায় গৃহবধূ ও কমলগঞ্জে দুবাইফেরত যুবককে জবাই
রাজশাহীর বাগমারা উপজেলার মোহাম্মদপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল রোববার সকালে নাদিরা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। তাঁকে উদ্ধার করতে গেলে স্বামী ইদ্রিস আলী (৫২) ও ছেলে মনিরুলকেও (২৩) কুপিয়ে জখম করা হয়।এর আগের দিন শনিবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে দুবাইফেরত সেলিম মিয়াকে (২২) জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ এলাকার কসাই ফিরোজ মিয়া ও তাঁর ছেলে জামাল মিয়াকে আটক করেছে। বাগমারা: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাগমারার মোহাম্মদপুর গ্রামের ইদ্রিস ও তাঁর ভাই ইব্রাহিমের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকেলে ইদ্রিসের উঠানে বেড়া নির্মাণ করেন ইব্রাহিম। চলাচলের সুবিধার্থে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বেড়াটি সরিয়ে ফেলেন নাদিরা। এতে ক্ষুব্ধ হয়ে কিছুক্ষণ পর ইব্রাহিম ও তাঁর লোকজন ওই বাড়িতে গিয়ে নাদিরাকে হাঁসুয়া দিয়ে জবাই করে হত্যা করেন। এ সময় নাদিরাকে উদ্ধার করতে স্বামী ইদ্রিস ও ছেলে মনিরুল এগিয়ে এলে তাঁদেরও বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে তাঁরা পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত বাবা ও ছেলেকে সকাল নয়টার দিকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, নিহত নাদিরার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাদিরার স্বামী ইদ্রিস আলী বাদী হয়ে ইব্রাহীম, নজরুল, মকলেছসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। কমলগঞ্জ: নিহত সেলিম মিয়ার মা হেনা বেগম জানান, শনিবার সন্ধ্যায় শীতবস্ত্র ও মুঠোফোন নিয়ে তাঁর ছেলে বাসা থেকে বের হন। যাওয়ার সময় বলে যান, ভানুগাছ বাজারের কেরামত হাউসের পাশের বাসিন্দা ‘কসাই ফিরোজের’ ছেলে মামুন মিয়ার কাছ থেকে পাওনা ১৫০ টাকা নিয়ে ফিরবেন। কিন্তু রাতেই তাঁর মৃত্যুর সংবাদ পান মা। ‘পাওনা টাকা নিয়ে নয়, ফিরে আসে লাশ হয়ে।’ এই বলে কাঁদতে থাকেন তিনি।সেলিমের মামা চামড়া ব্যবসায়ী ফজলু মিয়া জানান, দুই বছর দুবাইয়ে কাজ করে পাঁচ-ছয় মাস আগে সেলিম দেশে ফিরে আসেন। কারও সঙ্গে কোনো ঝগড়াবিবাদ ছিল না তাঁর। কেন তাঁর ভাগনেকে জবাই করে হত্যা করা হলো, তা তিনি বুঝতে পারছেন না।খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে কমলগঞ্জ থানার পুলিশ ভানুগাছ বাজারের কেরামত হাউসের রাস্তা থেকে সেলিমের লাশ উদ্ধার করে। মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল সেলিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজিম উদ্দিন জানান, সেলিমের বাঁ হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তাঁর মা হেনা বেগম কারও নাম উল্লেখ না করে থানায় মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।