বাগমারায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় গতকাল শনিবার এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে তাঁর স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছেন। ওই গৃহবধূর নাম পায়রা বিবি (২৬)। তিনি বাগমারা উপজেলার মাঝিগ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। বাগমারা থানার পুলিশ গতকাল শনিবার ওই গ্রামের একটি গাছের নিচ থেকে তাঁর লাশটি উদ্ধার করেছে। ঘটনার পর থেকে সাইফুল পলাতক রয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে উপজেলার মাঝিগ্রামের সাইফুল ইসলামের সঙ্গে লাউপাড়া গ্রামের বাসিন্দা লালচাঁদের মেয়ে পায়রা বিবির বিয়ে হয়। বিয়ের পর তাঁদের দুটি সন্তান হয়। লালচাঁদ অভিযোগ করেন, শুক্রবার রাতে পায়রা বিবির সঙ্গে সাইফুল ইসলামের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাধে। একপর্যায়ে সাইফুল পায়রাকে মারধর করেন ও গলা চেপে ধরেন। এতে তিনি মারা যান। পরে সাইফুল তাঁর লাশ বাড়ির পাশে আমগাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যান। গতকাল সকালে লোকজন পায়রার লাশ আমগাছের নিচে দেখতে পায়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় লালচাঁদ হত্যার অভিযোগে গতকাল সাইফুলের বিরুদ্ধে মামলা করেছেন।সাইফুল পলাতক থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।