বাগমারায় ঘুষ নিয়ে ভুয়া পদে নিয়োগের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া কারিগরি হাইস্কুলের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আসাদুল্লাহর বিরুদ্ধে এবার ভুয়া নিয়োগপত্র দিয়ে চারজনের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন অনিয়মের তদন্ত করতে গিয়ে এ তথ্য বেরিয়ে এসেছে।আসাদুল্লাহর বিরুদ্ধে নানা অনিয়ম এবং পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠান চালানোর অভিযোগ এনে গত ১৫ অক্টোবর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়। টাকা দিয়ে চাকরি না পাওয়া ব্যক্তি ও এলাকার লোকজন এ অভিযোগ করেন।গত বৃহস্পতিবার বিকেলে বাগমারার সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমান ওই অভিযোগের তদন্ত করেন। তদন্তে চারজনকে ভুয়া নিয়োগপত্র দিয়ে তাঁদের প্রত্যেকের কাছ থেকে তিন থেকে চার লাখ টাকা নেওয়ার প্রমাণ মিলেছে। ওই দিন তদন্ত কর্মকর্তার কাছে প্রতারণার শিকার চারজন এ বিষয়ে অভিযোগ করেন এবং ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্টের সই করা নিয়োগপত্র উপস্থাপন করেন।সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জানা যায়, প্রতিষ্ঠানপ্রধান আসাদুল্লাহ ২০০৫ সালে উপজেলার বাড়িগ্রামের এনামুল হককে সহকারী মাওলানা ও বুজরুককৌড়ের মাসুদ আলমকে সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) পদে এবং ২০০৯ সালে বানাইপুর গ্রামের সাহেব আলী ও একই গ্রামের মোসলেম আলীকে ল্যাব অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ দেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো নির্দেশিকায় কারিগরি প্রতিষ্ঠানে এসব পদের কোনো অস্তিত্ব নেই।প্রতারণার শিকার এনামুল হক জানান, পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর তাঁরা আবেদন করেন। পরে তাঁদের কাছ থেকে টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়।এ ব্যাপারে আসাদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।