বাগমারায় চরমপন্থীরা প্রচারণায় প্রার্থী ও ভোটাররা আতঙ্কে
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে রাজশাহীর বাগমারায় অর্ধশত চরমপন্থী এলাকায় ফিরে এসেছেন। তাঁরা নিজেদের সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কয়েকটি ইউনিয়নে চরমপন্থীরা নির্বাচনী প্রচারণায় প্রভাব বিস্তার এবং ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।উপজেলার ১৬টি ইউনিয়নে আগামী ১৪ ও ১৬ জুন দুই দফায় নির্বাচন হবে। এর মধ্যে গোয়ালকান্দি, হামিরকুৎসা, যোগীপাড়া ও ঝিকরা ইউনিয়নে চরমপন্থীদের তৎপরতা বেশি। পুলিশ সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরে এই ইউনিয়নগুলোতে চরমপন্থীরা ডজন খানেক হত্যাকাণ্ড ঘটিয়েছে। এসব হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে পর্যায়ক্রমে প্রায় অর্ধশত চরমপন্থী আত্মগোপনে চলে যায়। আর বেশ কিছু চরমপন্থীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে পলাতক এবং কারাগারে আটক থাকা চরমপন্থীরা জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফিরে আসতে থাকে। ইতিমধ্যে তাঁদের অনেকে পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রার্থীদের টাকায় আইনি লড়াই করে কোনো কোনো চরমপন্থী জামিনে ছাড়া পেয়েছেন। পলাশী গ্রামের চরমপন্থী বেলাল ওরফে দীপক জামিনে ছাড়া পেয়ে গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেনের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। তবে আলমগীর হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বেলাল জামিনে এসে শ্বশুরবাড়িতে থাকেন। এটা প্রতিপক্ষের অপপ্রচার।’ গোয়ালকান্দি গ্রামের বাসিন্দা মকছেদ আলী ও সিদ্দুিকর রহমান বলেন, ‘বেলাল ভয়ংকর সর্বহারা সদস্য। তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আদালতে আত্মসমর্পণ করেন। তিনি হামিরকুৎসা গ্রামের মোনাক্কা হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বাবুল মেম্বার ও মমতাজ খামারু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।এ ছাড়া দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এলাকায় ফিরেছেন হামিরকুৎসার আবদুর রউফ ওরফে মাস্টার রউফ, গোয়ালকান্দি গ্রামের বাবলু ওরফে বাদল, সাজুরিয়া গ্রামের ওসমান আলী, চেউখালীর আজাদ মেকার, মরুগ্রামের মুনসুর রহমান, ঝাড়গ্রামের আবদুল কুদ্দুসসহ আরও বেশ কয়েকজন। চরমপন্থী মুনসুর রহমান পারভেজ হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলাও রয়েছে। আবদুর রউফ এলাকায় এসে তাঁর ভাই হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান প্রার্থী আবদুল বারিকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রার্থী এবং ভোটার অভিযোগ করেন, চরমপন্থীরা এলাকায় এসে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন।গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মজিদ খান বলেন, বেশ কিছু পলাতক চরমপন্থী এলাকায় ফিরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তাঁরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশিদও একই রকম কথা বলেন। ওই দুজনই বলেন, চরমপন্থীরা এলাকায় এসে তৎপর হওয়ায় তাঁরা আতঙ্কিত। চরমপন্থীদের তৎপরতায় সুষ্ঠু নির্বাচন ব্যাহত হবে বলে তাঁদের আশঙ্কা। যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা কামালও অনুরূপ অভিযোগ করেন। তিনি বলেন, এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, কিছু চরমপন্থী জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফিরে এসেছে। আর অন্যদের বিরুদ্ধে আপাতত কোনো মামলা নেই। তাঁদের ওপর নজর রাখা হয়েছে। নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাঁদের ধরা হবে।এ ব্যাপারে উল্লিখিত চরমপন্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁরা কথা বলতে রাজি হননি। তবে চরমপন্থী আবদুর রউফের ভাই ও হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল বারিক বলেন, তাঁর ভাই দীর্ঘদিন পলাতক ছিলেন—সত্য। তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই।